ধর্ষণ চেষ্টার প্রতিবাদে আঞ্চলিক মহাসড়কে আগুন দিয়ে অবরোধ অভিযুক্ত ও পুলিশকে মারধর

72 views

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে একটি ধর্ষণ চেষ্টার ঘটনায় মানিক মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে এলাকাবাসী গণধোলাই দিয়েছেন। এসময় এক পুলিশ সদস্যও আহত হয়েছেন। এ ঘটনায় এলাকাবাসী আগুন জ্বালিয়ে আঞ্চলিক মহাসড়কে অবরোধ করেছেন। ১৯ জুন শুক্রবার রাতে সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া এলাকায় কিশোরগঞ্জ-ভৈবর সড়কে এই ঘটনা ঘটেছে।
ঘটনার বিবরণে জানা যায়, টিককইল গ্রামের বাসিন্দা মানিক মিয়া আট বছরের এক মেয়েকে ধর্ষণের চেষ্টা করলে এলাকাবাসী হাতেনাতে আটক করে গণধোলাই দেন। খবর পেয়ে কিশোরগঞ্জ সদর থানার পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে মানিককে উদ্ধারের চেষ্টা করলে উত্তেজিত এলাকাবাসী থানার এসআই আমিনুল ইসলামের ওপরও হামলা করেন। এসময় এলাকাবাসী টায়ার জ্বালিয়ে রাস্তা আধা ঘন্টার মত অবরোধ করে রাখেন। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল হক ও সদর থানার ওসি আবুল কালাম ভূঞা অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এবং আক্রান্ত এসআই আমিনুল ইসলাম ও অভিযুক্ত মানিককে উদ্ধার করে থানায় নিয়ে যান।
সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুুল্লাহ খান জানিয়েছেন, ধর্ষণ চেষ্টার ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে মামলা করেছেন। আটক মানিক মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া পুলিশের ওপর হামলার ঘটনায়ও মামলা প্রক্রিয়াধীন আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *