# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের করিমগঞ্জে পাওনা পাঁচ টাকার জন্য এক ভাঙারি ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ২২ জুন সোমবার সকালে করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের রামনগর গ্রামের কুতুব উদ্দিনের ছেলে রাসেল মিয়াকে (৩০) পাওনাদার ছাইদুর রহমান, মাদক ব্যবসায়ী মামুন, সুমন ও হিমেলকে নিয়ে হত্যা করেছেন বলে জানা গেছে।
জয়কা ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির জানিয়েছেন, সকালে রাসেলকে মারধর করার পর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তাঁর স্ত্রীসহ দু’টি সন্তান রয়েছে। তিনি জানান, ছাইদুর রহমানের সাথে হত্যায় অংশ নেওয়া মামুন একজন চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। তাঁর নামে মামলাও রয়েছে।
রাসেল কিছুদিন আগে ছাইদুর রহমানের কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার নিয়েছিলেন। কয়েকবার তাগিদ দেওয়ার পরও রাসেল টাকা দিতে পারছিলেন না। কয়েকদিন আগে রাসেলের সাথে ছাইদুর রহমানের ঝগড়া হয়েছে। এর জের ধরেই হত্যার ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।
করিমগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, হত্যাকারীরা রাসেলকে কিল, ঘুুষি, লাথি দিলে বিপজ্জনক জায়গায় আঘাত পেয়ে তিনি মারা যান। মরদেহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীরা পলাতক। তবে আটকের জন্য অভিযান চলছে। স্বজনদের পক্ষ থেকে মামলা দায়েরের পর পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়া হবে।
পাঁচ হাজার টাকার জন্য ব্যবসায়ী হত্যা
80 views
