দেশ রক্ষায় গণতান্ত্রিক, প্রগতিশীল শক্তির ঐক্য জরুরি: গণতন্ত্রী পার্টি

44 views

দিলোয়ার হোসাইন :-
ঢাকায় কর্মী সভায় নেতাদের আহ্বান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় মুক্তিযুদ্ধের পক্ষের গণতান্ত্রিক, প্রগতিশীল, অসাম্প্রদায়িক ও উদার জাতীয়তাবাদী শক্তিগুলোকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে গণতন্ত্রী পার্টি। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর কাকরাইলে গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত কর্মী সভায় দলের নেতারা এ আহ্বান জানান।
গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদারের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন।
সভায় বক্তব্য দেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. সৈয়দ মিজান সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম, মিরাজুল ইসলাম জামান, শফি রেজা নূর মজুমদার, সাদীদ আহমেদ সাদী, হরি প্রসাদ মিত্র, গোলজার আহমেদ, দিলোয়ার হোসাইন ভূঁইয়া নানক ও গোলাম আতিয়ার দিদার।
এ সময় উপস্থিত ছিলেন সম্পাদকমণ্ডলীর সদস্য ড. হালিম দাদ খান, অ্যাডভোকেট মায়া ভৌমিক, কামরুল ইসলাম, বাদল সরকার, মোহাম্মদ আলী লিটন, সাইফুল ইসলাম খান লিটনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সভায় সাধারণ সম্পাদক ভূপেন্দ্র ভৌমিক দোলন বলেন, ‘গণতন্ত্রী পার্টি এ দেশের মাটি ও মানুষের সংগঠন। দলকে সারা দেশে একটি সুসংগঠিত রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে তুলতে হবে। জনস্বার্থে বিভিন্ন দাবি বাস্তবায়নে গণতন্ত্রী পার্টি আর পিছিয়ে থাকবে না।’
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট, বেকারত্ব, কলকারখানা বন্ধ হয়ে যাওয়া এবং নতুন বিনিয়োগ না হওয়াসহ নানা কারণে দেশের অর্থনীতি সংকটের দিকে যাচ্ছে। একই সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ এবং ঋণখেলাপিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থতার বিষয়টিও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মেরুকরণ ও জোট গঠনের প্রভাব বাংলাদেশের মতো জনবহুল দেশের অর্থনীতি ও রাষ্ট্রীয় নিরাপত্তার ওপর পড়তে পারে। এমন পরিস্থিতিতে মুক্তিযুদ্ধের পক্ষের গণতান্ত্রিক, প্রগতিশীল, অসাম্প্রদায়িক ও উদার জাতীয়তাবাদী রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসা জরুরি।
ওয়াশিংটনপ্রবাসী গণতন্ত্রী পার্টির নেতা ডা. সৈয়দ মিজান সিদ্দিকী বলেন, ‘জনস্বার্থ বিবেচনায় কর্মসূচি দিয়ে গণতন্ত্রী পার্টির নেতা-কর্মীদের লড়াই-সংগ্রাম চালিয়ে যেতে হবে। গণতন্ত্রী পার্টিকে দেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে গড়ে তুলতে হবে।’
সভায় দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি গণতন্ত্রী পার্টিকে তৃণমূল পর্যায়ে আরও সংগঠিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *