# মো. আলাল উদ্দিন :-
ভৈরবে ডা. মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জমজমাট ঘুড়ি উৎসব। ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪টায় বাঁশগাড়ি এলাকায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কাশবন মাঠে বর্ণাঢ্য এ ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়।
উৎসবকে ঘিরে সকাল থেকেই ছিল উৎসবমুখর পরিবেশ। বিকেলে কাশবন মাঠে নানা রঙ ও আকৃতির ঘুড়ি নিয়ে জড়ো হন অর্ধশতাধিক প্রতিযোগী। আকাশে একের পর এক রঙিন ঘুড়ি উড়তে থাকলে সৃষ্টি হয় মনোমুগ্ধকর দৃশ্য। ঘুড়ি উৎসব উপভোগ করতে ভৈরবসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী হাজারো দর্শনার্থীর সমাগম ঘটে।
অনুষ্ঠানে ডা. মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভৈরবের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ডক্টর মো. আজিজুল হক। ঘুড়ি উৎসব উদযাপন কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর ডক্টর এ.এফ.এম নাজমুস সাদাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আব্দুর রশীদ, শহীদুল্লাহ কায়সার কলেজের প্রতিষ্ঠাতা মো. শহীদুল্লাহ কায়সার, ব্যাংকার ও বিএনপি নেতা মো. জাবেদ ওমর কবীর।
ঘুড়ি উৎসবের প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য মো. আলাল উদ্দিন, রফিকুল ইসলাম মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. এনামুল হক, ইংরেজি বিষয়ের প্রভাষক মো. জুনাইদ বোস্তামী এবং রায়পুরা সরকারি কলেজের প্রভাষক ও নিসচার সহ-সাধারণ সম্পাদক ইমরান হোসাইন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, গজারিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রতন মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিশিষ্টজনেরা।
ঘুড়ি উৎসবে অংশ নেওয়া অর্ধশতাধিক প্রতিযোগীকে আয়োজকদের পক্ষ থেকে মেডেল পরিয়ে দেওয়া হয়। পাশাপাশি প্রতিযোগিতায় নির্বাচিত তিনজন ক্ষুদে বিজয়ীর হাতে ট্রফি তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, নতুন প্রজন্মের মাঝে গ্রামীণ ঐতিহ্য ও নির্মল বিনোদনের চর্চা বাড়ানোর পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও আনন্দঘন পরিবেশ সৃষ্টি করাই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
ঘুড়ি উৎসবকে কেন্দ্র করে কাশবন মাঠে পরিণত হয় এক আনন্দমেলায়। শিশু-কিশোরদের পাশাপাশি অভিভাবক ও বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি হয়ে ওঠে প্রাণবন্ত ও জমজমাট।
ভৈরবে ডা. মমতাজ বেগম ইউনিভার্সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
11 views
