ঈদের পর দর্জিরা ব্যস্ত বিশ্বকাপ ফুটবলে জনপ্রিয় দেশের পতাকা নির্মাণে

45 views

মোস্তফা কামাল :-
ঈদুল আজহা উপলক্ষে কিশোরগঞ্জের দর্জিরা ব্যস্ত সময় পার করেছেন ঈদের পোশাক তৈরি করে। এর পর পরই এসেছে বিশ্বকাপ ফুটবলের মৌসুম। এখন তাঁরা ব্যস্ত সময় পার করছেন বিশ্বকাপের জনপ্রিয় দেশগুলোর পতাকা নির্মাণে। তবে বেশি নির্মাণ করছেন আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকা। এর পাশাপাশি ফ্রান্স, জার্মানি, স্পেন আর পর্তুগালের পতাকাও নির্মাণ করছেন। এসব পতাকার পাশাপাশি টিশার্টও বিক্রি হচ্ছে।
কিশোরগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় দেখা গেছে, কয়েকজন ভ্রাম্যমাণ হকার বাঁশের লাঠিতে পতাকা বেঁধে হেঁটে হেঁটে বিক্রি করছেন। আবার ফুটপাত আর দোকানেও বিক্রি হচ্ছে। ক্রেতারা দরদাম করে এসব পতাকা আর টিশার্ট কিনে নিচ্ছেন। শহরের তেরিপট্টি আর ঈশাখাঁ সড়কে এলাকায় দেখা গেছে, দর্জি কারিগর আব্দুল কাদির, রাজিব, তপন চন্দ্র দাস আর রতন লাল রায়সহ অনেকেই পতাকা তৈরি করে দোকানের সামনে ঝুলিয়ে বিক্রি করছেন। আবার স্টেশন রোডে দেখা গেছে, ইটনার যুবক শফিকুল ইসলাম রাস্তায় ঘুরে ঘুরে ফেরি করে পতাকা বিক্রি করছেন। তাঁরা জানান, বিশ্বকাপ ফুটবলের মৌসুমে পতাকার মোটামুটি ভাল একটা ব্যবসা হয়। ৫০ টাকা থেকে তিন হাজার টাকা দামের পতাকা বিক্রি হচ্ছে। আর টিশার্ট বিক্রি হচ্ছে ২০০ থেকে ৫০০ টাকার মধ্যে।
দর্জি রাজিবের দোকানে দেখা গেছে, বাজিতপুরের পিরিজপুর এলাকার দুই বন্ধু মনির আহমেদ অভি ও মো. সজিব আর্জেন্টিনার পতাকা কিনেছেন। তাঁরা জানান, বাজিতপুরে আর্জেন্টিনার সমর্থকই বেশি। তবে ব্রাজিলেরও প্রচুর সমর্থক আছে। জেলা শহরের ব্রাজিল সমর্থক অ্যাডভোকেট মারুফ আহমেদ বলেছেন, ব্রাজিলের নান্দনিক ফুটবলের কারণে বিশ্বকাপ ফুটবল আলাদা বিনোদনের উপলক্ষ হয়ে ওঠে। আর এই কারণে কেবল বাংলাদেশে নয়, সারা বিশ্বে প্রচুর সমর্থক রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এবার ব্রাজিল ষষ্ঠবারের মত বিশ্বকাপ ঘরে তুলতে সক্ষম হবে। তাঁরা জানান, টুর্নামেন্টের পুরোটা সময় উভয় দলের সমর্থকদের মধ্যে একটা টান টান উত্তেজানা বিরাজ করে। সময়টা বেশ আনন্দেই কেটে যায়। তবে এবারের খেলার সময়টা কিছুটা সমস্যা করবে। গভীর রাত জেগে খেলা দেখতে হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।