# মো. খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের নিকলীতে দীর্ঘ ১৭ বছর পর গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৫টার দিকে ঘোড়াউত্রা নদীতে আয়োজিত এ প্রতিযোগিতাকে ঘিরে নদীর দুই পাড় ও আশপাশের এলাকায় নামে হাজারো মানুষের ঢল। তবে উৎসবের মধ্যেই প্রতিযোগিতায় অংশ নেওয়া একটি নৌকার মাঝি পানিতে পড়ে নিখোঁজ হওয়ায় আনন্দের আয়োজনটি ছাপিয়ে যায় উদ্বেগ।
নিকলী উপজেলা সম্মিলিত নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত নৌকা বাইচে বিভিন্ন এলাকার ১২টি নৌকা অংশ নেয়। সকাল থেকেই নিকলীসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে সড়ক ও নৌপথে দর্শনার্থীরা আসতে শুরু করেন। ছোট-বড় নৌকায় করে অনেকে নদীতে অবস্থান নিয়ে প্রতিযোগিতা উপভোগ করেন। বৈঠার ছন্দে নৌকা ছুটে চলা এবং দর্শকদের করতালিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে নিকলী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মানিক মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় বড় নৌকার মধ্যে প্রথম হয়ে মোটরসাইকেল পুরস্কার পায় নিকলী সদরের মোহরকোনা-কেশবপুর একতা সংঘের নৌকা। দ্বিতীয় হয়ে ফ্রিজ পুরস্কার পায় নাগার্ছিহাটি গ্রামের নৌকা এবং তৃতীয় হয়ে এলইডি টেলিভিশন পায় ব্রাহ্মণবাড়িয়ার নৌকা। ছোট নৌকার প্রতিযোগিতায় প্রথম হয়ে মোবাইল ফোন পুরস্কার পায় লাহুন্দের নৌকা।
তবে প্রতিযোগিতা চলাকালে ঘটে দুর্ঘটনা। অংশ নেওয়া একটি নৌকার মাঝি মো. কফিল উদ্দিন (৪৫) পানিতে পড়ে নিখোঁজ হন। তিনি নিকলী উপজেলার গুরুই ইউনিয়নের বাঘবাড়ী এলাকার বাসিন্দা এবং গুরুই গ্রামের একটি প্রতিযোগী নৌকার মাঝি ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, বিকেল আনুমানিক ৫টার দিকে নৌকা বাইচ চলাকালে কফিল উদ্দিন নৌকা থেকে নদীতে পড়ে যান। ওই সময় নদীতে বিপুলসংখ্যক নৌকা থাকায় তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। নিখোঁজের ১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কফিল উদ্দিনের সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি স্থানীয়রাও নদীতে তাঁর সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।
দীর্ঘ ১৭ বছর পর ঐতিহ্যবাহী নৌকা বাইচ ফিরে আসায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা দিলেও মাঝি নিখোঁজের ঘটনায় তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
১৭ বছর পর নিকলীর ঘোড়াউত্রা নদীতে নৌকা বাইচ, হাজারো দর্শকের ঢল, মাঝি নিখোঁজ
77 views
