# মুহাম্মদ কাইসার হামিদ :-
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ মামলায় তদন্তে সন্ধিগ্ধ নাদিম হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কুলিয়ারচর থানা পুলিশ। ২২ জুন সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নাদিম হোসেন রূপালী ব্যাংক ভৈরব শাখার একজন সিনিয়র কর্মকর্তা ও উপজেলার ছয়সূতী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের নূরুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সারাদেশের মতো কুলিয়ারচরেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীনের নেতৃত্বে এসআই মঞ্জুরুল হক ফোর্স নিয়ে নাদিম হোসেনকে গ্রেপ্তার করে। নাদিম হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের বাজরা বাসস্ট্যান্ডে সংঘটিত ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় তদন্তে সন্ধিগ্ধ আসামি বলে জানান পুলিশ।
কুলিয়ারচর থানা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে অভিযানে গ্রেপ্তার রূপালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা
39 views
