ভৈরবে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

46 views

# মো. আলাল উদ্দিন :-
কিশোরগঞ্জের ভৈরবে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় ভৈরব উপজেলা সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর অর্থায়নে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) প্রকল্পের আওতায় আরসিআইপি ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এ কর্মশালার আয়োজন করে।
ভৈরব উপজেলা নির্বাহী অফিসার কে.এম মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার নির্ধারণ এবং তথ্য যাচাইকরণ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা ও উপস্থাপনা করেন বেটসের জিআইএস এক্সপার্ট মো. কামরান খান।
কর্মশালায় ভৈরব উপজেলা প্রকৌশলী ইশতিয়াক আহমেদ, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সোহেল মিয়া, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোহাম্মদ মাসুদ রেজা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. রেজাউল হোসেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মো. আলাল উদ্দিন, কালিকা প্রসাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লিটন মিয়া, শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.এস শাহরিয়ার, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুন উর রশীদ, শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. খোরশেদ আলম, উপজেলা সার্ভেয়ার মো. মুসা মিয়া, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সিয়ামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কর্মশালায় জিআইএস প্রযুক্তির মাধ্যমে ভৈরব উপজেলার গ্রামীণ সড়কগুলোর বর্তমান অবস্থা, অবস্থান, সংযোগ, ব্যবহার, গুরুত্ব ও প্রয়োজনীয়তা চিহ্নিত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়। একই সঙ্গে উপজেলার কোন কোন সড়ককে কোর রোড নেটওয়ার্কের আওতায় এনে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করা প্রয়োজন, সে বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনায় অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকার গুরুত্বপূর্ণ সড়ক, যোগাযোগের সমস্যা, জনসাধারণের চলাচলের প্রয়োজনীয়তা এবং সড়ক উন্নয়ন ও সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ সময় উপস্থিত জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা মাঠপর্যায়ের বাস্তবতার আলোকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক ও রাস্তার প্রস্তাবনা উপস্থাপন করেন।
কর্মশালায় বক্তারা বলেন, একটি কার্যকর গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নের ক্ষেত্রে শুধু বিদ্যমান সড়কের তথ্য সংগ্রহ করলেই হবে না; বরং শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র, হাট-বাজার, কৃষিপণ্য পরিবহন, জনবসতি, সরকারি প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ যোগাযোগকেন্দ্রের সঙ্গে সড়কের সংযোগ এবং জনগণের ব্যবহার ও প্রয়োজনীয়তা বিবেচনায় নিতে হবে।
এছাড়া সড়কের অগ্রাধিকার নির্ধারণের ক্ষেত্রে জনসাধারণের সুবিধার পাশাপাশি সড়ক নিরাপত্তা, টেকসই অবকাঠামো, যোগাযোগের গুরুত্ব এবং ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, স্থানীয় পর্যায়ের বাস্তব তথ্য ও সংশ্লিষ্টদের মতামত যাচাই-বাছাই করে এওঝ-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হলে ভৈরব উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থার পরিকল্পিত উন্নয়ন, জনসাধারণের চলাচল সহজীকরণ এবং দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধানে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *