# মিলাদ হোসেন অপু :-
ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামীর মৃত্যুর একমাস পর মারা গেলেন স্ত্রী তুলি বেগম (২১)। ১১ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এর আগে ১২ আগস্ট সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেন সৌদি আরব প্রবাসী ইয়াছিন আহমেদ (২৭)।
নিহত ইয়াছিন আহমেদ পৌর শহরের কমলপুর মুসলিমের মোড় এলাকার পূবালী ব্যাংক ভবন মালিক মৃত বাক্কী মিয়ার ছেলে। নিহত তুলি বেগম শহরের স্টেডিয়াম মোড় এলাকার আক্তার হোসেনের মেয়ে।
জানা যায়, গত ১২ আগস্ট বুধবার সন্ধ্যা পৌনে ৬টায় ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মালিহাতা এলাকায় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আহত হন প্রবাসী স্বামী ও তাঁর স্ত্রী। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পথিমধ্যেই স্বামী ইয়াছিন মৃত্যুবরণ করেন। স্ত্রী তুলি বেগমকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে এক মাস চিকিৎসাধীন থাকার পর ১১ সেপ্টেম্বর দুপুরে তিনি মৃত্যুবরণ করেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ১৭ মাস আগে সৌদি আরবে গিয়েছিলেন ইয়াছিন। গত ২৪ জুলাই তিনি দেশে আসেন। সৌদি আরবে তিনি ফুড ডেলিভারির কাজ করতেন। প্রায় সাড়ে ৫ বছর আগে তুলি বেগমকে বিয়ে করেন ইয়াছিন। তাদের সংসারে আলিফ নামে দুই বছরের একটি ছেলেসন্তান রয়েছে। সন্তানকে বাড়িতে রেখে ১২ আগস্ট বেলা ৪টায় মোটরসাইকেলে করে স্ত্রী তুলি বেগমকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস নদী সংলগ্ন ‘মিনি কক্সবাজার’ এ ঘুরতে যান ইয়াছিন। সেখান থেকে ফেরার পথে সন্ধ্যায় বিশ্বরোড মালিহাতা এলাকায় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে নিহত তুলির বোন মিতালি মিতু বলেন, তুলি প্রায় এক মাস ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সর্বশেষ ঢাকার নিউরোসায়ন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাদ এশা কমলপুর মাদ্রাসা মাঠে তুলির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে কমলপুর কবরস্থানে স্বামীর কবরের পাশে দাফন করা হয়।
ঘুরতে গিয়ে দুর্ঘটনায় প্রবাসী স্বামীর মৃত্যুর একমাস পর মারা গেলেন স্ত্রী
67 views
