# মোস্তফা কামাল :-
দু’টি ক্যাম্পেইন বাদ দিয়ে হামের প্রদুর্ভাব ঘটিয়ে ১৫ মাস পর দেশে শুরু হচ্ছে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন। কিশোরগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে গতকাল বুধবার বিকালে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. নামজুল করিমের সভাপতিত্বে জেলা প্রশাসনের কালেক্টরেট সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন।
সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপনকালে ডেপুটি সিভিল সার্জন ডা. মো. দিদারুল ইসলাম জানিয়েছেন, ভিটামিন-এ ক্যাপসুল শিশুদের রাতকানা রোগ দূর করাসহ বিভিন্ন রোগের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এর মধ্যে হামের প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। ইতোপূর্বে প্রতি ছয় মাস অন্তর বছরে দুইবার ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু বাংলাদেশে সর্বশেষ ক্যাম্পেইনটি হয়েছে ২০২৫ সালের মার্চ মাসে। এরপর দু’টি ক্যাম্পেইন হয়নি। এর ফলে শিশুদের হামের প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠেনি। যে কারণে এতগুলো শিশুকে হারাতে হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, এবার ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে ২৮ জুন। ছয় মাস থেকে এক বছর বয়সের শিশুদের খাওয়ানো হবে একটি করে নীল ক্যাপসুল। আর এক বছর বয়স থেকে পাঁচ বছরের শিশুদের খাওয়ানো হবে একটি করে লাল ক্যাপসুল। কিশোরগঞ্জে মোট পাঁচ লাখ ২৬ হাজার ১৫৫ জন শিশুকে এসব ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে নীল ক্যাপসুল খাবে ৬৫ হাজার ৫৪২ জন শিশু। আর লাল ক্যাপসুল খাবে চার লাখ ৬০ হাজার ৬১৩ জন শিশু। ২৮ জুন সকার ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলার স্থায়ী ও অস্থায়ী দুই হাজার ৯২৪টি কেন্দ্রে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেছেন, সরকার শিশুদের সুরক্ষার জন্য এই ক্যাম্পেইন পরিচালনা করছে। এই ক্যাম্পেইনের আওতায় পড়া কোন শিশু যেন ক্যাপসুল খাওয়া থেকে বাদ না পড়ে, সে ব্যাপারে সবাইকে আন্তরিকভাবে চেষ্টা করার জন্য তিনি আহবান জানিয়েছেন। এছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. মিনহাজুর রহমান।
দু’টি ক্যাম্পেইন বাদ দিয়ে হামের প্রাদুর্ভাব ঘটিয়ে শুরু হচ্ছে ভিটামিন-এ ক্যাম্পেইন
77 views
