জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ৪টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার উদ্বোধন

258 views

মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুরে অবস্থিত দেশের প্রথম বেসরকারি জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউটে নতুন করে ৪টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার (ওটি)’র শুভ উদ্বোধন করা হয়েছে। এর ফলে হাসপাতালের অস্ত্রোপচার সেবার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং রোগীরা আরও আধুনিক, নিরাপদ ও মানসম্মত চিকিৎসা সেবা লাভ করবেন।
নবনির্মিত ওটি থিয়েটার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ডা. বাহার উদ্দিন ভূঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ডা. মো. সাঈদ হাসান, অধ্যাপক ডা. মো. খালিকুল ইসলাম এবং ডা. এস.এম. ইউসুফ ভূঁইয়া। এছাড়াও সার্জারি, গাইনি, অর্থোপেডিক্স, ইএনটি, চক্ষু ও অ্যানেস্থেসিয়া বিভাগের বিভাগীয় প্রধান, চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন ওটিগুলোতে আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও উন্নত সুযোগ-সুবিধা সংযোজন করা হয়েছে, যা রোগীদের নিরাপদ ও কার্যকর অস্ত্রোপচার সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে হাসপাতালের সেবার পরিধি ও কার্যক্ষমতাও বৃদ্ধি পাবে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. বাহার উদ্দিন ভূঞা বলেন, আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে উন্নত প্রযুক্তি, দক্ষ জনবল এবং সেবার মানোন্নয়নের কোনো বিকল্প নেই। রোগীদের সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা দিতে সবাইকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. সাঈদ হাসান অপারেশন থিয়েটারে সংক্রমণ নিয়ন্ত্রণের গুরুত্ব তুলে ধরে বলেন, আন্তর্জাতিক মানের সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থা অনুসরণ, জীবাণুমুক্ত পরিবেশ বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে রোগীদের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও আধুনিক ওটি কমপ্লেক্সের কার্যক্রম, উন্নত চিকিৎসা প্রযুক্তির ব্যবহার এবং রোগীবান্ধব সেবা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
সংশ্লিষ্টদের মতে, নতুন ৪টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার সংযোজনের ফলে হাসপাতালের অস্ত্রোপচার কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং বৃহত্তর কিশোরগঞ্জ অঞ্চলের রোগীরা দ্রুত, নিরাপদ ও উন্নত চিকিৎসাসেবা লাভের সুযোগ পাবেন। এতে এলাকার স্বাস্থ্যসেবার মান আরও একধাপ এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *