মিশ্রজাতের মাছ চাষে লাভবান কুলিয়ারচরের রোমান আলী শাহ

137 views

# মোস্তাফিজ আমিন :-
পুকুরে রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস, সরপুঁটি, তেলাপিয়া ইত্যাদি দেশী জাতের মিশ্র মাছ চাষ করে বেশ লাভবান হয়েছেন কিশোরগঞ্জের কুলিয়ারচরের কৃষক রোমান আলী শাহ। তিনি তাঁর এক একর আয়তনের পুকুরে চলতি বছর ৩ লক্ষ টাকা খরচ করে মাছ চাষ করে ৬/৭ লক্ষ টাকা বিক্রির আশা করছেন। এতে করে তাঁর নীট মুনাফা হবে প্রায় ৩ থেকে ৪ লক্ষ টাকা।
কিশোরগঞ্জের কুলিয়ারচরের জাফরাবাদ গ্রামের কৃষক রোমান আলী শাহ। তিনি প্রায় ১৭/১৮ বছর যাবত মাছ চাষের সাথে জড়িত। তবে এতো বছর ধরে তিনি মাছের রেণুপোনা তৈরি করে চাষিদের কাছে বিক্রি করতেন। কিন্তু গত দুই বছর যাবত তিনি মাছের চাষ করে বেশ মুনাফা করছেন।
চলতি বছর তিনি তার এক একর জমির পুকুরে রুই কাতলা মৃগেল পাঙ্গাস সরপুঁটি তেলাপিয়া ইত্যাদি দেশী জাতের মিশ্র মাছ চাষ করেন। এতে তার মোট খরচ হয় ৩ লক্ষ টাকার মতো। বর্তমানে বিক্রি শুরু হয়েছে। আশা করছেন এবার ৬/৭ লক্ষ টাকা বিক্রি আসবে। ফলে তার খরচ বাদে মুনাফা দাঁড়াবে ৩ থেকে ৪ লক্ষ টাকা।
এ ছাড়াও তিনি পুকুরের চারপাশে লাউ, করলা, শিম, পুঁইশাক, চিচিঙ্গা, ঢেঁড়স ইত্যাদি মৌসুমী সবজির আবাদ করে আরও এক থেকে দেড় লক্ষ টাকা বাড়তি মুনাফা করেন বলে জানান।
রোমান আলী শাহ জানান, তাঁর পুকুরে চাষ করা মাছের দাম কম থাকায় স্থানীয়ভাবে এর চাহিদা ব্যাপক। তাই জেলেও মাছ ব্যবসায়ীরা নিজেরা এসে পুকুর থেকে মাছ ধরে নিয়ে যান।
তাঁর মতে স্থানীয় মৎস্য বিভাগ প্রয়োজনীয় প্রশিক্ষণসহ কারিগরি সহযোগিতা দিয়ে উদ্যোক্তা তৈরি করলে গ্রামে অযত্নে অবহেলায় পড়ে থাকা পুকুর/জলাশয়ে মাছের আবাদ বৃদ্ধি পেতো। এতে করে বাজারে মাছের সরবরাহ বৃদ্ধিসহ বেকারত্ব দূর হতো।
তিনি বেকার যুবকদের অযথা ঘুরাফেরা না করে মাছ চাষে এগিয়ে এসে নিজেরা স্বাবলম্বি হওয়াসহ দেশের অর্থনীতি ও আমিষের চাহিতা মেটাতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে আহ্বান জানান।
এলাকার জেলে ও মাছ ব্যবসায়ীরা জানান, রোমান আলী শাহ তাঁর পুকুরে মাছ চাষ করায় তারা এখান থেকে কমদামে কিনে স্থানীয় বাজারে বিক্রি করে রোমান আলী শাহ’র মতো তারা নিজেরাও লাভবান হচ্ছেন। এমনি করে অন্যান্যরাও মাছ চাষে এগিয়ে এলে এলাকায় মাছের সরবরাহ বৃদ্ধি পাবে।
এদিকে স্থানীয়রা জানান, রোমান আলী শাহ একজন ভালো কৃষক। তিনি সবজি চাষাবাদের পাশাপাশি মাছের চাষ করে লাভবান হয়েছেন। এতে করে এলাকার পুষ্টির চাহিদা পূরণসহ দেশের অর্থনীতিতেও অবদান রাখছেন তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।