# নিজস্ব প্রতিবেদক :-
গ্রাহকদের দোরগোড়ায় আধুনিক ও নিরাপদ ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষে কিশোরগঞ্জের ভৈরবে ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের উদ্যোগে এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে নিরাপদ আর্থিক লেনদেন, ডিজিটাল ব্যাংকিংয়ের সুবিধা এবং সঞ্চয় ও ঋণসেবার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ১৬ আগস্ট রোববার বিকাল ৩টায় পৌর শহরের ভৈরবপুর উত্তর পাড়া স্টেডিয়াম মোড় সংলগ্ন এলাকায় এ গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে এখন গ্রাহকরা সহজেই ব্যাংক হিসাব খোলা, নগদ অর্থ জমা ও উত্তোলন, বিদেশ থেকে রেমিট্যান্স গ্রহণ, বিদ্যুৎ-গ্যাসসহ বিভিন্ন বিল পরিশোধ, বায়োমেট্রিক অথেনটিকেশন, কার্ড ও চেক সুবিধাসহ আধুনিক ব্যাংকিংয়ের প্রায় সব ধরনের সেবা গ্রহণ করতে পারছেন। পাশাপাশি সারা দেশে বিস্তৃত এজেন্ট নেটওয়ার্কের মাধ্যমে দ্রুত, নিরাপদ ও নির্ভরযোগ্য ব্যাংকিং সেবা নিশ্চিত করা হচ্ছে। সমাবেশে গ্রাহকদের জন্য আকর্ষণীয় মুনাফায় ডিপিএস (DPS) চালুর সুযোগ, সহজ শর্তে পার্সোনাল লোন, হোম লোন ও এসএমই (SME) লোন গ্রহণের সুবিধা এবং বিভিন্ন সঞ্চয় ও বিনিয়োগভিত্তিক ব্যাংকিং সেবা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা এখন শুধু শহরেই নয়, গ্রামাঞ্চলের মানুষের কাছেও সহজলভ্য হয়েছে।
ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং কিশোরগঞ্জ জেলার এরিয়া ম্যানেজার হযরত আলী গ্রাহকদের উদ্দেশে বক্তব্যে আর্থিক নিরাপত্তা, ডিজিটাল লেনদেনে সতর্কতা, প্রতারণা এড়ানোর উপায়, গোপন পিন ও ওটিপি সুরক্ষিত রাখার গুরুত্ব এবং নিরাপদ ব্যাংকিং চর্চার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি বলেন, সচেতনতা ও নিরাপদ লেনদেনই গ্রাহকের অর্থ সুরক্ষার সবচেয়ে কার্যকর উপায়।
এছাড়া অনুষ্ঠানে আউটলেটের প্রোপাইটর গোপী সাহা গ্রাহকদের উদ্দেশে ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের সেবা সম্প্রসারণ, গ্রাহকবান্ধব কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। তিনি বলেন, গ্রাহকদের আস্থা ও বিশ্বাসই প্রতিষ্ঠানের সবচেয়ে বড় শক্তি। এ সময় তিনি অনুষ্ঠানে উপস্থিত সকল গ্রাহক, অতিথি ও শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও সবার সহযোগিতা কামনা করেন।
সমাবেশে উপস্থিত গ্রাহকরা ব্যাংকের বিভিন্ন সেবা সম্পর্কে সরাসরি জানার সুযোগ পান এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর গ্রহণ করেন। আয়োজকদের মতে, এ ধরনের গ্রাহক সমাবেশ মানুষের মধ্যে ব্যাংকিং সচেতনতা বৃদ্ধি, নিরাপদ আর্থিক লেনদেন নিশ্চিতকরণ এবং আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ভৈরবের মেসার্স সাহা এন্টারপ্রাইজ ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের অনুমোদিত আউটলেট হিসেবে দীর্ঘদিন ধরে নির্ভরযোগ্য, দ্রুত ও মানসম্মত ব্যাংকিং সেবা প্রদান করে আসছে।
ভৈরবে ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহক সমাবেশ
151 views
