ভৈরবে শতবর্ষী বটগাছ কাটার অভিযোগে চেম্বারের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মামলা

188 views

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে রেলওয়ের সম্পত্তিতে থাকা একটি শতবর্ষী বটগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে ভৈরবের বিশিষ্ট চাউল ব্যবসায়ী ও ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আলহাজ¦ আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে। ১৮ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের বাগানবাড়ি এলাকায় রেলওয়ে লিজের জায়গায় করা রাইস মিলের ভেতর থেকে গাছ কাটার অভিযোগের সত্যতা পান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (কার্য) মোয়াজ্জেম হোসেন। এ ঘটনায় রাতেই ভৈরব থানায় একটি মামলা দায়ের করেন রেলওয়ে কর্তৃপক্ষ।
ঘটনার পর সন্ধ্যায় আব্দুল্লাহ আল মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য ভূমি অফিসে ডাকা হয়। এসিল্যান্ডের সঙ্গে দেখা করার জন্য তিনি পাশের একটি রুমে বসা ছিলেন। পরে ভৈরব থানার এসআই আসিবুল পুলিশ ফোর্স নিয়ে রুমে ঢুকতেই অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুনসহ সঙ্গে থাকা ব্যক্তিরা সটকে পড়েন।
১৯ আগস্ট বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, একসময় বিশাল বটগাছের ছায়ায় আচ্ছাদিত বাগানবাড়ি মোড় এখন খোলা আকাশের নিচে পড়ে আছে। স্থানীয়দের মতে, গাছটি শুধু পরিবেশের সৌন্দর্যই বাড়ায়নি, বরং বহু পাখির আবাসস্থল হিসেবেও পরিচিত ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা ও ব্যবসায়ীরা বলেন, বাগানবাড়ি মোড়ের প্রায় ১৫ থেকে ২০টি দোকান এই বটগাছের ছায়ায় ছিল। সকাল-সন্ধ্যা পাখির কিচিরমিচিরে এলাকা মুখরিত থাকত। প্রখর রোদে ছায়া দিতো পথচারীরা।
এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (কার্য) শেখ মোয়াজ্জেম হোসেন বলেন, গাছ কাটার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং অভিযোগের সত্যতা পেয়েছি। আব্দুল্লাহ আল মামুন তাঁর অপরাধের কথা স্বীকার করেছে।
তিনি আরও বলেন, এ বিষয়ে কথোপকথনের সময় ভূমি অফিস থেকে আব্দুল্লাহ আল মামুন না বলে পালিয়ে যায়। বিনা অনুমতিতে গাছ কেটে তিনি অপরাধ করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, সরকারি রেলওয়ে ভূমিতে বিনা অনুমতিতে গাছ কাটার অপরাধে রেলওয়ে কর্তৃপক্ষ ১ জনের নাম উল্লেখসহ ৮/১০ জনকে অজ্ঞাত আসামি করে অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীনসহ আসামিদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।
ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে শতবর্ষী গাছ কাটার বিষয়ে নিশ্চিত হয়েছি। সেখানে গাছের কাণ্ড, ডালপালা ও বিভিন্ন ছোট বড় আকারের টুকরো পাওয়া গেছে।
আব্দুল্লাহ আল মামুনের ভূমি অফিস থেকে চলে যাওয়ার বিষয়ে তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডাকা হয়েছিল। কিন্তু হঠাৎ করে তিনি চলে যাওয়ায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। রেলওয়ে কর্তৃপক্ষকে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলে দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *