বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপি নেতা কাছুম আলী হত্যায় মামলা দায়ের

13 views

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের নিকলীতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে শনিবার রাতে বিএনপির দুই গ্রপের সংঘর্ষে কাছুম আলী (৫৯) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছিলেন। এ ঘটনায় নিকলী থানায় ১৭ জনের নামসহ অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। নিহতের ছেলে মাইন উদ্দিন (৩০) বাদী হয়ে সোমবার রাতে মামলাটি দায়ের করেছেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে যুবদল নেতা জুমন মিয়াকে (৩৭)। এছাড়াও তাহের (৩৮), ইসমাইল (৪৫), মো. সনিসহ (৩৮) আরও ১৬ জনের নামসহ অজ্ঞাত ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। পূর্বপাড়া গ্রামের কাছুম আলী ছাতিরচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ছিলেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ছাতিরচর গ্রামের পশ্চিম পাশের গুরুই জলমহাল নদী থেকে আসামিরা ১৮ জুলাই রাত ১১টার দিকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিলেন। এতে আশপাশের গ্রাম ও জমির ভাঙনের আশঙ্কা থাকায় বাদী মাইন উদ্দিন, তাঁর চাচা রমিজ উদ্দিন ও পার্শ্ববর্তী গুরুই দৌলতপুর গ্রামের লোকজন বাধা প্রদান করেন। এসময় আসামিদের সাথে রমিজ উদ্দিনের তর্কাতর্কি হয়। পরদিন রাত সোয়া ১২টার দিকে রমিজ উদ্দিন, বাদীর বাবা কাছুম আলীসহ কয়েকজন পশ্চিমহাটি বেড়িবাঁধ এলাকায় বসে চা খাচ্ছিলেন। এমন সময় আসামিরা দা, লাঠি ও রড নিয়ে হামলা চালায়। তাঁরা রমিজ উদ্দিনের ডান হাত ও ডান পায়ে কোপ দেয়। এসময় কাছুম আলী ফিরাতে গেলে আসামি জুমন তাঁর বুকে ঘুষি মারলে তিনি মাটিতে পড়ে যান। এসময় অন্য আসামিরা কাছুম আলীকে বুক ও পেটসহ শরীরে লাথি মারতে থাকেন। কাছুম জ্ঞান হারিয়ে নিস্তেজ অবস্থায় পড়ে থাকেন। গোলমাল শুনে কাছুম আলীর ছেলে মাইন উদ্দিন ছুটে গিয়ে বাবাকে রাতেই নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ মর্গে ময়না তদন্ত করিয়েছে।
নিকলী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান মামলা দায়েরের তথ্য স্বীকার করে জানিয়েছেন, আসামিরা সবাই পলাতক। তবে তাদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
এদিকে নিকলী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু বলেছেন, ছাতিরচরের ঘটনায় বাদী-বিবাদী উভয় পক্ষই বিএনপি করে। তিনি আইনগতভাবে এ ঘটনার সুষ্ঠু বিচার চান। সেই সাথে দায়ীদের বিরুদ্ধে তদন্ত করে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *