ভৈরবে হাম-রুবেলা টিকাদান কর্মসূচীর উদ্বোধন

163 views

# ইশতিয়াক আহমাদ শৈভিক :-
কিশোরগঞ্জের ভৈরবে ৩৮ হাজার ৬৭৩ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেয়ার কর্মসূচী গ্রহণ করা হয়েছে। আজ ২০ এপ্রিল সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সকাল সাড়ে ১০টায় পৌরসভায় সারা দেশের ন্যায় শিশুর সুরক্ষা নিশ্চিত করতে এ টিকাদান কর্মসূচী উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার কে.এম মামুনুর রশীদ ও উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর। এছাড়া অন্যান্যদের মধ্যে ভৈরব পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. ফারুক, নিরাপদ খাদ্য পরিদর্শক নাছিমা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ও পৌরসভা চত্বরে পৌর কর্মকর্তা-কর্মচারীসহ টিকাদানকর্মীরা ও স্বেচ্ছাসেবকগণ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর বলেন, হাম-রুবেলা টিকা বর্তমান সময়ের জন্য শিশুদের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেশে হাম রুবেলা রোগের প্রাদুর্ভাব বেড়েছে। ভৈরবেও হাম রোগ শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম রোগসহ শিশুদের সকল ধরনের রোগের গুরুত্ব সহকারে চিকিৎসা দেয়া হচ্ছে।


দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে সরকার। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সি সকল শিশুকে এই টিকা দেয়া হবে। বিশ্বস্বাস্থ্য সংস্থা থেকে পরিক্ষিত হাম-রুবেলা টিকা। এই টিকায় কোন রকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এসময় তিনি ভৈরবের শিশুদের অভিভাবকদের শিশু সুরক্ষা হাম-রুবেলা টিকা দানে আহ্বান জানিয়ে বলেন, শুধু শিশুদের জন্ম নিবন্ধন ব্যবহার করে টিকা দিতে হবে। যাদের জন্ম নিবন্ধন নেই তাদেরও টিকা দেয়ার ব্যবস্থা রয়েছে। ভৈরব উপজেলা ও পৌরসভায় ৩১২টি কেন্দ্রে হাম-রুবেলা টিকা দেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার কে.এম মামুনুর রশীদ বলেন, হাম-রুবেলা রোগ থেকে শিশুর সুরক্ষা নিশ্চিত করতে হাম-রুবেলা টিকাই হচ্ছে একমাত্র কার্যকর উপায়। আজ থেকে দেশব্যাপী এই টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সি সকল শিশুকে ইপিআই টিকাদান কেন্দ্র থেকে বিনামূল্যে ১ ডোজ হাম-রুবেলার টিকা নিশ্চিত করতে পারবে।
প্রসঙ্গতঃ কিশোরগঞ্জের ১৩টি উপজেলায় ৩ লাখ ৯৫ হাজার ৭০৫ শিশুকে হাম-রুবেলা (এমআর) টিকার আওতায় আনা হচ্ছে। আজ সোমবার থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইনে ছয় মাস থেকে পাঁচ বছরের নিচের সব শিশুকে এক ডোজ টিকা দেওয়া হবে। এ তথ্য নিশ্চিত করেন, কিশোরগঞ্জ সিভিল সার্জন ডা. অভিজিৎ শর্মা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।