ছদ্মবেশে র‌্যাবের অভিযানে ১১৬ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

30 views

মিলাদ হোসেন অপু :-
ছদ্মবেশে বিশেষ অভিযানে ১১৬ কেজি গাঁজা উদ্ধার করেছে সিপিসি-২, র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ভৈরব ক্যাম্পের সদস্যরা। ২৬ মে মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় জেলার বাজিতপুর থানার পিরিজপুর ইউনিয়নের বেজাগাও এলাকায় অভিযান পরিচালনা করে এই মাদক উদ্ধার করা হয়। এসময় কুখ্যাত মাদক কারবারি জাকির হোসেন (৩২) আটক করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার। আটক জাকির হোসেন বাজিতপুর থানার পিরিজপুর ইউনিয়নের বেজাগাও এলাকার বীর মুক্তিযোদ্ধা বদিউর রহমানের ছেলে।
এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার বলেন, সিপিসি-২, র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৬ মে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে বিশেষে অভিযান পরিচালনা করে। এসময় র‌্যাবের চোখ ফাঁকি দিয়ে গাঁজাসহ একটি চালান চলে যায় বাজিতপুর থানার পিরিজপুর ইউনিয়নের। তৎক্ষণাৎ র‌্যাবের একটি টিম কেউ সবজি বিক্রেতা, কেউ ফেরিওয়ালা সেজে ছদ্মবেশে পিরিজপুর বেজাগাও এলাকায় অবস্থান নিয়ে প্রথমে মাদক কারবারির বাড়ি ও মাদক রাখার স্থান চিহ্নিত করে। এসময় র‌্যাবের টিম প্রথমে জাকির হোসেনকে আটক করে। পরে তার দোকানে তল্লাশি করে লাকড়ি ও গাছে লতাপাতা দিয়ে লুকিয়ে রাখা ৫ বস্তা গাঁজা উদ্ধার করা হয়। বস্তাগুলোতে ৫৫ পুটলায় ১১৬ কেজি গাঁজা পাওয়া যায়।
তিনি আরো জানান, ঈদুল আজহা উপলক্ষে র‌্যাব গরু বাজারসহ বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান পরিচালনা করছে। এই সুযোগে মাদককারবারি জাকির মাদকের বড় চালান নিয়ে গিয়েছিল। র‌্যাব ভৈরবে জিরো টলারেন্স নীতিতে মাদকের অভিযান পরিচালনা করে যাচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে আটককৃত মাদককারবারি জাকির হোসেনকে ভৈরব থানায় হস্তান্তর করা হবে। নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।