# আফসার হোসেন তূর্জা :-
মেঘনা নদীর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রান্তে নোঙর করা একটি মালবাহী নৌকায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ৭ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে আশুগঞ্জ নৌকা ঘাটে এই ঘটনা ঘটে। ডাকাতদল নৌকার স্টাফদের হাত-পা বেঁধে মারধর করে নগদ টাকা, মোবাইল ফোন এবং বিপুল পরিমাণ সিগারেট লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, লুন্দিয়া খলাপাড়া গ্রামের আরিফ মাঝির মালিকানাধীন এমবি জাইফা পরিবহন নামের নৌকাটি ভৈরব বাজার মেঘনা নদীর পাড় থেকে মালামাল লোড করে সুনামগঞ্জের সাচনা বাজারের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। ৭ এপ্রিল মঙ্গলবার সারাদিন মালামাল বোঝাই করার পর রাতে ঝড়ের আশঙ্কায় নিরাপত্তার জন্য নৌকাটি আশুগঞ্জ মেঘনা নদীর পাড়ে নোঙর করে। রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে ৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল অতর্কিত নৌকায় ওঠে। ওই সময় নৌকার স্টাফরা গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। ডাকাতরা ধারালো ছুরি, দা এবং আগ্নেয়াস্ত্র নিয়ে নৌকায় ওঠে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। ডাকাতরা নৌকায় উঠেই তামাকজাত পণ্যের খোঁজ করতে থাকে। তখন তারা ১১ কার্টুন বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট, নগদ ৩০ হাজার টাকা ও ৪টি দামী স্মার্ট মোবাইল ফোন নিয়ে যায়।
এ সময় নৌকার শ্রমিকরা ডাকাতদের বাধা দিতে গিয়ে তারা মারধরের শিকার হয়। এতে নৌকার সুকানি কাউসার, মো. আফজাল, মো. মাসুম, রিফাত, সোহরাফ ও দুলাল মিয়া আহত হয়।
নৌকার মালিক আরিফ মিয়া বলেন, ঝড়ের ভয়ে নিরাপদ আশ্রয়ে থাকতে গিয়েই আমাদের নৌকা এই ভয়াবহ বিপদের মুখে পড়েছে। ডাকাতরা চলে যাওয়ার পর আমাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে উদ্ধার করে।
ভুক্তভোগীরা দ্রুত নৌ-পথে নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন। এই ঘটনায় এলাকায় নৌ-শ্রমিকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে ভৈরব নৌ-থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত পোদ্দার জানান, ঘটনাটি জানার পরপরই আমি দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠায়। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভৈরব বাজার থেকে মালামাল নিয়ে সুনামগঞ্জের যাওয়ার পথে আশুগঞ্জে মালবাহী নৌকায় দুর্ধর্ষ ডাকাতি
448 views
