ভৈরবে বৈধ কাগজপত্র না থাকায় ৩ স’মিল মালিককে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড

201 views

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে বৈধ কাগজপত্র না থাকায় ৩ স’মিল মালিককে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ৭ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় পৌর শহরের কাঠ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৩ স’মিল মালিককে ১৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন, কিশোরগঞ্জ জেলা বন বিভাগের কর্মকর্তা ও ভৈরব থানা পুলিশ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক বলেন, শহরের কাঠ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় তিন প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র লাইসেন্স, করাতকল লাইসেন্সসহ বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্রাদি না থাকায় করাত কল (লাইসেন্স) বিধিমালা ২০১২ এর ১২ ধারায় ১৭ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। এদের মধ্যে মেসার্স ভূঁইয়া স’মিল মালিক আফজাল ভূঁইয়াকে ১০ হাজার টাকা, মেসার্স আজগর স’মিল মালিক আজগর আলীকে ৪ হাজার টাকা ও মেসার্স মজনু মিয়া স’মিল মালিক শান্ত মিয়াকে ৩ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *