পঙ্গুত্বকে পুঁজি করে রেলওয়ে স্টেশনে মোবাইল চুরির অভিযোগে ছিনতাইকারী গ্রেপ্তার

146 views

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে পঙ্গুত্বকে পুঁজি করে রেলওয়ে স্টেশনে মোবাইল চুরির অভিযোগে মুক্তার মিয়া (৫৬) নামের এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। ৪ এপ্রিল শনিবার সকাল সাড়ে ১১টায় ভৈরব রেলওয়ে স্টেশনের ১নং প্লাটফর্ম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মুক্তার মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার শরিয়তনগর এলাকার মজিবুর মিয়ার ছেলে।
ভৈরব রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সকাল সাড়ে ১১টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভৈরব রেলওয়ে স্টেশনে ডিউটিরত রেলওয়ে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় অভিযানে স্টেশনের ১নং প্লাটফর্ম থেকে মুক্তার মিয়ার নামের এক পঙ্গু ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। তাকে তল্লাশি করে একটি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়।
ওসি আরো বলেন, মুক্তার মিয়া দীর্ঘদিন যাবত নিজের পঙ্গুত্বকে পুঁজি করে রেলওয়ে স্টেশনে ও বিভিন্ন ট্রেনে উঠে যাত্রীসহ সাধারণ মানুষের মোবাইল ও টাকা ছিনতাই করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভিন্ন সময় ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। তাঁর কাছ থেকে একটি মোবাইল উদ্ধার করা হয়েছে। মোবাইলটি সে ছিনতাই করেছিল বলে স্বীকারোক্তি দিয়েছে। আইনগত ব্যবস্থা শেষে মুক্তার মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *