ভৈরবের ফুটপাতে বিক্রি হচ্ছে নতুন টাকা

180 views

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে ফুটপাতে অধিক টাকায় পাওয়া যাচ্ছে ৫ টাকা, ১০ টাকা, ২০ টাকা ও ৫০ টাকার নতুন নোট। তবে গুণতে হচ্ছে বান্ডেল প্রতি ২শ থেকে ৫শ টাকা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নতুন টাকা সংগ্রহ করে ভৈরব বাজারে নিয়ে এসেছেন বলে জানিয়েছেন বিক্রেতারা। ১৭ মার্চ মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় পৌর শহরের নতুন বাইন্নাপট্টি এলাকায় দেখা যায় নতুন টাকার জন্য হুমড়ি খেয়ে পড়েছে সর্বস্তরের মানুষ। কেউ বান্ডেল নিচ্ছে আবার কেউ নিচ্ছে খুচরা টাকা। নতুন টাকা নিতে আসা ব্যক্তিরা বলছেন ঈদ উপলক্ষে পরিবারের সদস্যদের ঈদ সালামী দিতে নতুন টাকা সংগ্রহ করছেন। তবে বান্ডেল প্রতি দিতে হচ্ছে অধিক টাকা।
এদিকে টাকা বিক্রির বিষয়টি ভৈরবের স্থানীয়দের মধ্যে তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। ২ হাজার টাকার একটি বান্ডেলে ৫শ টাকা বেশী দেয়া মানে সুদের উপর বেশী সুদ। তবে সবচেয়ে ভাবান্তরের বিষয় হচ্ছে ব্যাংকে নতুন টাকা পাওয়া যায় না। কিন্তু প্রতিটি এলাকাতেই ফুটপাতে পাওয়া যায় এই নতুন টাকা। সরকারের নজরধারী না থাকলে এ ব্যবসা ভয়াবহ রূপ ধারণ করবে।
টাকা নিতে আসা ফরহাদ মিয়া বলেন, ঈদের দিন সকালে পরিবারের ছোট ছোট সদস্যদের নতুন টাকা দেয়ার মধ্যে অনেক আনন্দ আছে। ব্যাংকে ঘুরেছি, কিন্তু নতুন টাকা নিতে পারিনি। এখান থেকে বান্ডেল প্রতি ৪শ, ৫শ টাকা বেশী দিয়ে নতুন টাকা নিতে হচ্ছে।
টাকা বিক্রি করতে আসা সবুজ মিয়া বলেন, ঢাকার গুলিস্থান থেকে ২০ টাকা বান্ডেলে ৪৫০ টাকা বেশী, ৫ টাকা বান্ডেলে ১৫০ টাকা বেশী ও ৫০ টাকা বান্ডেলে ৫শ টাকা বেশী দিয়ে কিনে আনতে হয়েছে। বান্ডেল প্রতি ৫০/১০০ টাকা বেশী নিয়ে বান্ডেল বিক্রি করছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কে.এম মামুনুর রশীদ বলেন, আপনার মাধ্যমে জানতে পেরেছি নতুন টাকা বিক্রি হচ্ছে। এখন খোঁজ নিয়ে দেখছি তাদের কোন টাকা বিক্রির রেজিস্ট্রেশন আছে কি না। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *