ভৈরবে বর্ণাঢ্য আয়োজনে বারোয়ারি বিতর্ক উৎসব অনুষ্ঠিত

106 views

# ইশতিয়াক আহমাদ শৈভিক :-
কিশোরগঞ্জের ভৈরবে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল বারোয়ারি বিতর্ক উৎসব ২০২৬। উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এই উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল ‘আমার স্বপ্ন, আমার পৃথিবী’।
৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল তিনটায় ভৈরব উপজেলা মিলনায়তনে এই বিতর্ক উৎসবের উদ্বোধন করা হয়। উপজেলা শিল্পকলা একাডেমির বিতর্ক প্রশিক্ষক সৈয়দ মারুফ আহমেদ সিয়াম ও আবৃত্তি প্রশিক্ষক ফারহানা বেগম লিপির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি কে.এম মামুনুর রশীদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিল্পকলা একাডেমির উপদেষ্টা সামিয়া জামান, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ জাহিদুল হক জাবেদ, লেখক নাট্যকার ও সংগঠক মতিউর রহমান সাগর, ভৈরব সরকারি হাজী আসমত কলেজের প্রভাষক লুবনা হক, নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার কে.এম মামুনুর রশীদ কোমলমতি শিশুদের সাবলীল আবৃত্তি ও জড়তাহীন উপস্থাপনার ভূয়সী প্রশংসা করেন। নিজের শৈশবের স্মৃতিচারণ করে তিনি বলেন, চতুর্থ শ্রেণিতে পড়ার সময় জীবনে প্রথমবার মাইক্রোফোন হাতে নিয়ে নার্ভাস হয়ে ‘আল্লাহ হাফেজ’ এর জায়গায় ‘আল্লাহু আকবার’ বলে ফেলেছিলাম। কিন্তু আজকের এই ছোট ছোট শিশুরা যেভাবে ভয়হীন ও স্বতঃস্ফূর্তভাবে মাইক্রোফোন ধরে তাদের বক্তব্য ও আবৃত্তি উপস্থাপন করেছে, তা সত্যিই প্রশংসনীয়।
শিক্ষা ও জীবন গঠনে সহ-শিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, পুথিগত বা একাডেমিক শিক্ষার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি, কবিতা আবৃত্তি ও বিতর্কের মতো সহ-শিক্ষা কার্যক্রম মানুষের সুন্দর ব্যক্তিত্ব গঠনে এবং জীবনের নানা পরিস্থিতি মোকাবিলায় অগ্রগণ্য ভূমিকা পালন করে। যেসব অভিভাবক এগুলোকে অপ্রয়োজনীয় মনে করেন, তাদেরকে এই আয়োজনের গুরুত্ব বুঝিয়ে সঠিক দিকনির্দেশনা দিতে হবে। ভৈরবে প্রথমবার আয়োজিত এই উৎসবের সাথে যুক্ত হতে পেরে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে এর পরিধি আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ জাহিদুল হক জাবেদ বলেন, বর্তমান যুগে প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার ও মোবাইল আসক্তির কারণে কোমলমতি শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি নাচ, গান, কবিতা আবৃত্তি বা বিতর্কের মতো সামাজিক ও সাংস্কৃতিক চর্চা থেকে দূরে সরে যাচ্ছে। আগে কচিকাঁচার মেলা বা কাকলী খেলাঘরের মতো যেসব সাংস্কৃতিক কার্যক্রম সচল ছিল, তা এখন অনেকটাই স্থবির। তিনি আরও বলেন, নানাবিধ প্রতিবন্ধকতার কারণে ভৈরব সাংস্কৃতিক অঙ্গনে কিছুটা পিছিয়ে পড়লেও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ পরিবেশের ইতিবাচক পরিবর্তন সম্ভব। তাই কেবল জিপিএ-৫ বা শ্রেণি পরীক্ষায় প্রথম-দ্বিতীয় হওয়ার পেছনে না ছুটে সন্তানদের শিল্প-সংস্কৃতির চর্চায় উৎসাহিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে লেখক, নাট্যকার ও সংগঠক মতিউর রহমান সাগর বলেন, শিশুদের বারোয়ারি বিতর্ক ও চমৎকার পরিবেশনা তাদের ভবিষ্যৎ গঠনের সুন্দর বার্তা দেয়। কিন্তু আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা শিশুদের মধ্যে নয়, সমস্যা অভিভাবকদের চিন্তাভাবনায়। অভিভাবকরা সন্তানদের পেছনে সব ধরনের খরচ ও পরিশ্রম করলেও তারা কীভাবে গড়ে উঠছে বা তাদের কী হওয়া উচিত সেটি ভাবেন না। একটি ছোট চারার যেমন বেড়া দিয়ে যত্ন ও আগাছা পরিষ্কার করে সুরক্ষা দিতে হয়, শিশুদের ক্ষেত্রেও সেভাবে অপসংস্কৃতি থেকে দূরে রেখে সঠিক চর্চার পরিবেশ দিতে হবে। উপজেলা শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাকালীন প্রতিকূলতার কথা স্মরণ করে তিনি আরও বলেন, নানাবিধ সীমাবদ্ধতার পরেও একাডেমিটি এগিয়ে চলছে। শিশুদের মেধা বিকাশে শিল্পকলা একাডেমির কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রশাসনের সদয় দৃষ্টি ও সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
বিতর্ক প্রতিযোগিতায় ভৈরব উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তরুণ বিতার্কিকরা ‘আমার স্বপ্ন, আমার পৃথিবী’ বিষয়ের ওপর দাঁড়িয়ে তাদের যুক্তি, বস্তুনিষ্ঠ ও আবেগঘন বক্তব্য উপস্থাপন করে যা উপস্থিত সুধিমণ্ডলীর প্রশংসা কুড়ায়।
আয়োজক ফারহানা বেগম লিপি বলেন, শিক্ষার্থীদের মধ্যে মুক্তচিন্তার বিকাশ, যুক্তিনির্ভর মানসিকতা তৈরি এবং সুপ্ত প্রতিভা অন্বেষণের লক্ষেই এই উৎসবের আয়োজন। তরুণদের মেধা ও মননশীলতাকে বিকশিত করতে এমন আয়োজন ভবিষ্যতে আরও বড় পরিসরে করা হবে।
দিনব্যাপী এই উৎসব শেষে বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *