# এম.আর রুবেল :-
কিশোরগঞ্জের ভৈরব শহরের কমলপুর হাজী জহির উদ্দিন স্কুলের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ২২ জন শিক্ষার্থী এবং অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত ১৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ও শুভেচ্ছা জানানো হয়।
বিদ্যালয়ের এডহক ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. কামাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি নাদিম জামান, আজীবন দাতা সদস্য মাসুদুর রহমান জিসান, আজীবন দাতা সদস্য হাজী মামুন মিয়া এবং ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আজিজুল হক।
অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনার ফলেই এ ধরনের সাফল্য অর্জন সম্ভব হয়েছে। তারা শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন। এ সময় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

