# দিলোয়ার হোসাইন :-
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ১৬টি আলিয়া মাদ্রাসার দাখিল পরীক্ষায় জিপিএ-৫ ও জিপিএ-৪ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়েছে। ১৬ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টার দিকে করিমগঞ্জ ছোবহানিয়া কামিল মাদ্রাসার হলরুমে উপজেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।
উপজেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি জাহেদ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সমিতির সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে খালেদ সাইফুল্লাহ সোহেল খান কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা বিকাশে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
খালেদ সাইফুল্লাহ সোহেল খান বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল করাই শিক্ষার্থীদের লক্ষ হওয়া উচিত নয়। জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, করিমগঞ্জ ছোবহানিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মো. আবদুল্লাহ, ঝাউতলা আনোয়ারীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবদুল ওয়াহাব, নিয়ামতপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাশহুদ আলম, কান্দাইল দারুস সালাম দাখিল মাদ্রাসার সুপার মো. আবু বকর ছিদ্দিক ও বাইশকাহনিয়া ভাংগীরচর ডিএস দাখিল মাদ্রাসার সুপার মো. আনোয়ারুজ্জামানসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা।
করিমগঞ্জে জিপিএ-৫ ও জিপিএ-৪ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
12 views
