# মুহাম্মদ কাইসার হামিদ :-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে কুলিয়ারচর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার।
এসময় উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো. ফজলুল হক, লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসীম উদ্দিন খোকন, ফরিদপুর ইউনিয়ন আবদুল হামিদ ভূঞা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদির, এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু চন্দ্র সূত্রধর ও আগরপুর গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও বিজয়ী শিক্ষার্থীরা।
উপজেলার স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সার্বিক পরিচালনায় ও আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমাপনী দিনে উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সেরা ক্রীড়াবিদদের অংশগ্রহণে চূড়ান্ত পর্বের খেলাধুলো অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদক ও অপসংস্কৃতি থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে ক্রীড়াঙ্গনকে মুখরিত রাখতে হবে। তিনি এ ধরনের সুন্দর ও সুশৃঙ্খল আয়োজন করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও মেডেল তুলে দেওয়ার মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।
কুলিয়ারচরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
40 views
