# রাজীবুল হাসান :-
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নে ৩৪৫ শিক্ষার্থীর অংশগ্রহণে মেধা ও প্রতিভা বিকাশের লক্ষে মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর শনিবার বিকালে উপজেলার সাদেকপুর ইউনিয়ন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ আয়োজিত মেধা অন্বেষণ প্রতিযোগিতায় ইউনিয়নের ৩টি মাধ্যমিক ও ১০টি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৩৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সাদেকপুর উচ্চ বিদ্যালয়ে প্রতিযোগিতার মেধা অন্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শ্রেণিভিত্তিকভাবে লিখিত পদ্ধতিতে মোট ৫০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা নিজ নিজ শ্রেণির নির্ধারিত পাঠ্যসূচি ও বিষয়ভিত্তিক প্রশ্নে পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের উপদেষ্টা, সম্মানিত সদস্য ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন পরিক্ষক হিসেবে। পাশাপাশি সার্বিক সহযোগিতায় ছিলেন যুব রেড ক্রিসেন্ট সোসাইটি, ভৈরব উপজেলা টিমের সদস্যরা।
পরীক্ষাকেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা ও পরীক্ষা কার্যক্রমে কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন প্রভাষক নাজমুল হক। আয়োজনের সার্বিক দিকনির্দেশনা ও পরিচালনায় ছিলেন, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সাদেকপুর ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেন। প্রতিযোগিতার বাস্তবায়ন ও সমন্বয়ের দায়িত্ব পালন করেন মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৬ এর আহ্বায়ক তৌফিকুল ইসলাম তনয়।
সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, এই আয়োজনের মাধ্যমে সাদেকপুরের শিক্ষার্থীদের মেধা বিকাশ ও আত্মবিশ্বাস বাড়াতে চাই। ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
আহ্বায়ক তৌফিকুল ইসলাম তনয় বলেন, আমাদের লক্ষ শুধু প্রতিযোগিতা নয়, সাদেকপুরের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করা। ৩৪৫ শিক্ষার্থীর অংশগ্রহণ আমাদের উদ্যোগকে আরও অনুপ্রাণিত করেছে। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা খুঁজে বের করা, তাদের উৎসাহিত করা এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি ইউনিয়নের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করাই এ আয়োজনের অন্যতম লক্ষ।
ভৈরবে ১৩টি স্কুলের ৩৪৫ শিক্ষার্থীর অংশগ্রহণে মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত
51 views
