ভৈরবে নারী মাদক কারবারিসহ দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

79 views

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে বিশেষ অভিযানে নারীসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। ২৫ আগস্ট মঙ্গলবার বিকাল ৩টায় পৌর শহরের আমলাপাড়া বালুর মাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পরিদর্শক চন্দন গোপাল সুর।
আটককৃতরা হলেন, পৌর শহরের আমলাপাড়া বালুর মাঠ এলাকার শমসের আলীর মেয়ে শম্পা বেগম (২৮) ও একই এলাকার জাহিদ হোসেনের ছেলে মো. রুবেল মিয়া (৩১)।
অভিযান শেষে দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক। এসময় সহযোগিতায় ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সদস্যরাসহ ভূমি অফিসের কর্মকর্তারা।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পরিদর্শক চন্দন গোপাল সুর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমলাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। শম্পা একজন চিহ্নিত মাদক কারবারি। দুপুরে তাঁর বাসায় অভিযান পরিচালনা করে ১৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় মাদক সেবনকারী ও পাচারকারী রুবেল মিয়াকে তাঁর বাসা থেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আটককৃতদের কারাগারের প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক বলেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে আমলাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদককারবারি সম্পার কাছ থেকে ১৯ পিস ইয়াবা উদ্ধারসহ কিছু মাদক বিক্রির টাকা জব্দ করা হয়। তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এছাড়াও শম্পার বাসা থেকে মাদকসেবী ও মাদক পাচারকারী রুবেলকে আটক করা হয়। তারা দুইজনই মাদক বিক্রির কথা স্বীকার করেছে। রুবেলকে ১০ হাজার টাকা অর্থদণ্ডসহ ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *