# সাখাওয়াত হোসেন হৃদয় :-
কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ডসহ সরকারের বিভিন্ন সুবিধার জন্য কাউকে তদবির করতে হবে না। আমার কাছে, ইউএনওর কাছে কিংবা কোনো নেতাকর্মীর কাছে তদবির করতে হবে না। কার্ডের জন্য ১০ টাকাও কাউকে দেবেন না।
২৫ আগস্ট মঙ্গলবার বিকেলে পাকুন্দিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এবং অসহায়-দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি জালাল উদ্দিন বলেন, বর্তমান সরকার দরিদ্রদের সরকার, গরিব-অসহায়দের সরকার। সমাজের দরিদ্র ও অসহায় মানুষকে স্বাবলম্বী করার লক্ষে সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ডসহ বিভিন্ন ভাতার ব্যবস্থা করেছে।
তিনি বলেন, পাকুন্দিয়ায় এখনো এসব কার্ড বিতরণ শুরু হয়নি। অচিরেই হয়তো কার্ড বিতরণ শুরু হবে। এ জন্য তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে।
তিনি আরও বলেন, তথ্য সংগ্রহ শুরু হয়েছে। এসব তথ্যের আলোকে পর্যায়ক্রমে যারা এসব কার্ড পাওয়ার যোগ্য, তারা কার্ড পেয়ে যাবেন। তাই কারও কাছে তদবির বা টাকা দেওয়ার প্রয়োজন নেই।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রূপম দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবদুল মান্নান, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, এমদাদুল হক মাসুদ, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাজহারুল হক উজ্জলসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বিভিন্ন দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ৫০ বান্ডিল ঢেউটিন ও দেড় লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।
কার্ডের জন্য ১০ টাকাও কাউকে দেবেন না : এমপি জালাল উদ্দিন
56 views
