অর্থাভাবে থেমে ছিল চিকিৎসা, শ্রমিক দল নেতার পাশে দাঁড়ালেন রফিকুল ইসলাম রুবেল

78 views

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের ভৈরবে অর্থের অভাবে চিকিৎসা করাতে না পারা অসুস্থ শ্রমিক দল নেতার পাশে দাঁড়িয়েছেন ভৈরব রেলওয়ে স্টেশন শাখা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রুবেল। নিজের অর্থায়নে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধের ব্যবস্থা করে দিয়েছেন তিনি।
অসুস্থ মো. শাহজাহান (৬৮) ভৈরব রেলওয়ে স্টেশন শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সহ-সভাপতি। দীর্ঘদিন ধরে তিনি বুকে ব্যথা, শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি চিকিৎসকের পরামর্শ নিতে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে তাকে কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়। তবে আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা করানো নিয়ে অনিশ্চয়তায় পড়েন তিনি। পরে ২৪ আগস্ট সোমবার রাতে বিষয়টি শ্রমিক দলের প্রচার সম্পাদক মো. হাবিব মিয়া সংগঠনের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রুবেলকে জানান।
বিষয়টি জানার পর ২৫ আগস্ট মঙ্গলবার দুপুরেই অসুস্থ শাহজাহানের চিকিৎসায় এগিয়ে আসেন রফিকুল ইসলাম রুবেল। তিনি নিজ অর্থায়নে প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করানোর ব্যবস্থা করেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধও কিনে দেন।
চিকিৎসা সংক্রান্ত বিষয়ে ভৈরব মাতৃকা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লায়ন মুহাম্মদ কামাল হোসেন এবং মেঘনা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বিমল বিশ্বাসের সঙ্গে পরামর্শ ও সহযোগিতা নেন তিনি।
এ বিষয়ে শ্রমিক দলের নেতাকর্মীরা বলেন, সংগঠনের কোনো নেতাকর্মী বিপদে পড়লে সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন রফিকুল ইসলাম রুবেল। অসুস্থ শাহজাহানের চিকিৎসায় সহযোগিতার মধ্য দিয়ে তিনি আবারও মানবিকতার পরিচয় দিয়েছেন। অসুস্থ শাহজাহানের দ্রুত সুস্থতার জন্য শ্রমিক দলসহ স্থানীয় নেতাকর্মীরা সবার কাছে দোয়া চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *