# সাখাওয়াত হোসেন হৃদয় :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত ও যুক্তিনির্ভর বিতর্ক প্রতিযোগিতা। উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের ২৪ জন শিক্ষার্থী এতে অংশ নিয়ে দুর্নীতি প্রতিরোধে নৈতিকতা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সামাজিক আন্দোলনের গুরুত্ব তুলে ধরে সাবলীল ও তথ্যভিত্তিক যুক্তি উপস্থাপন করে।
শিক্ষার্থীদের যুক্তি, উপস্থাপনা ও বিশ্লেষণী বক্তব্যে মুগ্ধ হন উপস্থিত অতিথি, শিক্ষক, অভিভাবক ও দর্শকরা। তাদের আত্মবিশ্বাসী বক্তব্য ও বিশ্লেষণধর্মী উপস্থাপনা উপস্থিত সবার প্রশংসা কুড়ায়। ২১ জুলাই মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাসের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক ইসতেহাদ আহমেদ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শামসুন্নাহার।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, উপজেলা কৃষি কর্মকর্তা নূর-ই-আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক ভূঁইয়া ও উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. তামান্না দিলশাদ রিমি।
মডারেটর ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শারফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক তরীকুল হাসান শাহীন।
দুর্নীতি প্রতিরোধে কঠোর আইন নয়, নৈতিক শিক্ষাই বেশি কার্যকর বিষয়ে পক্ষে-বিপক্ষে ৮টি দল তাদের যুক্তিতর্ক উপস্থাপন করে। এ পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দুর্নীতি প্রতিরোধে পারিবারিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও মানবিক চর্চার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অপরদিকে, প্রতিপক্ষ দল কঠোর আইন প্রয়োগের গুরুত্ব নিয়ে যুক্তি উপস্থাপন করে, ফলে বিতর্ক হয়ে ওঠে প্রাণবন্ত ও উপভোগ্য। অংশ নেওয়া ৮টি দলের মধ্যে ৪টি দল সেমিফাইনালে উত্তীর্ণ হয়।
সেমিফাইনালে ‘স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হলেই দুর্নীতি কমবে’ এ বিষয়ে বিতার্কিকরা সরকারি-বেসরকারি সব পর্যায়ে জবাবদিহিতা, তথ্যের উন্মুক্ততা এবং সুশাসনের গুরুত্ব তুলে ধরে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে। এখান থেকে দুটি দল ফাইনালে যায়।
ফাইনালে মুখোমুখি হয় হোসেন্দী উচ্চ বিদ্যালয় ও আসিয়া বারি আদর্শ উচ্চ বিদ্যালয়। তারা দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন আইনি ব্যবস্থার চেয়ে অধিক কার্যকর এর পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করে।
দুই দলের ক্ষুদে বিতার্কিকরা সামাজিক সচেতনতা, জনসম্পৃক্ততা এবং আইন প্রয়োগÑউভয় দিকের নানা যুক্তি ও পাল্টা যুক্তি তুলে ধরে দর্শকদের মুগ্ধ করেন। তাদের পরিপক্ব উপস্থাপনা প্রতিযোগিতাকে আরও আকর্ষণীয় করে তোলে।
এসময় অতিথিরা শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দুর্নীতিবিরোধী মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান।
বক্তব্যে তাঁরা বলেন, শৈশব থেকেই সততা, ন্যায়বোধ ও দায়িত্বশীলতার শিক্ষা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানটি শিক্ষার্থীদের যুক্তি, চিন্তাশক্তি ও আত্মবিশ্বাস বিকাশের পাশাপাশি দুর্নীতিবিরোধী সামাজিক সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত সবার অভিমত।
পরে বিজয়ী দল আসিয়া বারি আদর্শ উচ্চ বিদ্যালয় দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। বিজয়ীদল জেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এছাড়াও শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন একই শিক্ষা প্রতিষ্ঠানের ১০ম শ্রেণির শিক্ষার্থী স্নেহা চক্রবর্তী সুপ্রিয়া।

