‘স্বপ্নসারথি’ নামের ওপর আত্মকর্মসংস্থানের স্বপ্ন দেখছেন বিপন্ন মেয়েরা

49 views

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের পিছিয়ে থাকা পরিবারের ঝুঁকিপূর্ণ মেয়েদেরকে পড়াশোনার পাশাপাশি আত্মকর্মসংস্থানের স্বপ্ন দেখানো হচ্ছে ‘স্বপ্নসারথি’ সংগঠনের মাধ্যমে। বেসরকারি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাক তাদের সামাজিক ক্ষমতায়ন, আইনি সুরক্ষা ও মাইক্রোফিন্যান্স কর্মসূচীর আওতায় এ প্রকল্পটি বাস্তবায়ন করছে। কোন কিশোরী মেয়েকে দেওয়া হচ্ছে প্রাথমিক খরচসহ হাঁসের বাচ্চা, কোন মেয়েকে দেওয়া হচ্ছে প্রাথমিক খরচসহ মুরগির বাচ্চা, কোন মেয়েকে দেওয়া হচ্ছে সেলাই মেশিন, কোন মেয়েকে দেওয়া হচ্ছে আর্থিক শিক্ষা সহায়তা। সবগুলোই সহায়তাই অফেরতযোগ্য।
৯ জুন মঙ্গলবার ব্র্যাকের কিশোরগঞ্জ সদর উপজেলা কার্যালয়ে লতিবাবাদ ইউনিয়নের মুকসেদপুর গ্রামের তানজিলা আক্তার ও কাঁটাবাড়িয়া গ্রামের জান্নাতুল ফেরদৌসহ আশপাশের বিভিন্ন এলাকার ১৭ জন স্কুল-কলেজের ছাত্রীকে হাঁস-মুরগি লালনের ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ প্রদান করেন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রাণিসম্পদ প্রশিক্ষক মো. ওমর ফাহাদ। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে একটি করে সনদ প্রদান করা হয়। এসময় প্রত্যেক কিশোরী বাল্যবিয়ে না করা এবং বাল্যবিয়ে প্রতিরোধ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক প্রশান্ত কুমার দে জানান, যেসব মেয়েদের বাবা নেই, বাবা প্রতিবন্ধী, মাতৃপ্রধান পরিবার, কিশোরী অন্যের বাড়িতে থেকে পড়াশোনা করে, এরকম ঝুঁকিপূর্ণ পারিবারিক ও আর্থিক অবস্থার কিশোরী মেয়েদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে স্বাবলম্বী করার লক্ষ্য নিয়ে ‘স্বপ্নসারথি’ সংগঠন কাজ করছে। দেশের ৩৩টি জেলার ২৬৩টি উপজেলার ৬৫ হাজার মেয়ে এই সংগঠনের আওতায় রয়েছে। এর মধ্যে দেশের সাত হাজার ৫৬০ জন মেয়েকে দুই হাজার ৮০০ টাকাসহ ২০টি করে হাঁসের বাচ্চা এবং দুই হাজার টাকাসহ ২০টি করে মুরগির বাচ্চা প্রদান করা হচ্ছে। এছাড়া দেশের পাঁচ হাজার ৬৪৬ জন মেয়েকে বিকাশে শিক্ষা সহায়তা বাবদ এককালীন নগদ টাকা পাঠানো হচ্ছে। নবম থেকে দশম শ্রেণির ছাত্রীদেরকে সাত হাজার টাকা, আর দশম শ্রেণির ওপরে হলে ১০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। এছাড়া দেশের ২০০ কিশোরীকে দেওয়া হচ্ছে একটি করে সেলাই মেশিন। কিশোরগঞ্জের ৬৭৩ জন কিশোরীকে অর্থসহায়তা, ১৮৪ জন কিশোরীকে হাঁস-মুরগি, ১২ জন কিশোরীকে সেলাই মেশিন দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ কর্মসূচীতে ব্র্যাকের জেলা সমন্বয়ক সাবরিনা জান্নাত, জেলা ব্যবস্থাপক গোলাম শফিউল আলম, কর্মকর্তা ফৌজিয়া ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।