ভৈরবে গ্রাম আদালত নিয়ে জনসচেতনতামূলক কর্মশালা

46 views

আফসার হোসেন তূর্জা :-
কিশোরগঞ্জের ভৈরবে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে এবং স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৪ মে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
গ্রাম আদালত কিশোরগঞ্জের ম্যানেজার হাফিজা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে.এম মামুনুর রশীদ।
কর্মশালায় মূল বিষয়বস্তু ও ধারণাপত্র উপস্থাপন করেন, গ্রাম আদালত কিশোরগঞ্জের সমন্বয়কারী হামিদুল ইসলাম।
কর্মশালায় বক্তারা বলেন, গ্রামের ছোটখাটো অপরাধ ও বিরোধ যেমন সাধারণ চুরি, ঝগড়া-বিবাদ, জমি নিয়ে মারামারি বা যেকোনো দ্বন্দ্ব-সংঘাত যদি স্থানীয়ভাবে গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা যায়, তবে সাধারণ মানুষের ভোগান্তি ও মামলার খরচ অনেকাংশে কমে যাবে।
বক্তারা আরও উল্লেখ করেন, সামান্য বিষয় নিয়ে জেলা আদালত বা থানায় না দৌড়ে প্রতিটি ইউনিয়ন পরিষদে কার্যকর থাকা গ্রাম আদালতের শরণাপন্ন হওয়া উচিত। এর ফলে একদিকে যেমন আইনি প্রক্রিয়া সহজ হবে, অন্যদিকে গ্রামীণ শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে। বক্তারা সাধারণ মানুষকে যেকোনো ছোটখাটো বিরোধের ক্ষেত্রে গ্রাম আদালতে আবেদন করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) লিমন বোস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সৈয়দ রাফি উদ্দীনসহ কর্মশালায় স্থানীয় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ অংশ নেন এবং গ্রাম আদালতকে তৃণমূল পর্যায়ে আরও কার্যকর করতে নিজস্ব মতামত তুলে ধরেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।