সড়কে চাকায় হাওয়া দেয়ার সময় ভৈরব হাইওয়ে পুলিশের গাড়ির উপর ট্রাক উল্টে পড়ে পুলিশ কনস্টেবল নিহত

39 views

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাইওয়ে পুলিশের গাড়ির উপর কুড়ার বস্তা বোঝাই ট্রাক উল্টে পড়ে মো. পারভেজ আহমেদ (৩৪) নামে এক কনস্টেবল নিহত হয়েছে। ৩ আগস্ট সোমবার দিবাগত রাত ১২টার দিকে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের কুলিয়ারচর দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডের উত্তর পাশে ফাইজুল ইসলামের চাকা রিপাইরিং দোকানের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার চৌধুরী।
নিহত পুলিশ কনস্টেবল পারভেজ মিয়া সিলেটের হবিগঞ্জ জেলার সদর এলাকার মো. আনোয়ার আলীর ছেলে।
হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে কুলিয়ারচর দ্বাড়িয়াকান্দি এলাকায় নিয়মিত ডিউটিরত পালনকালে চাকার হাওয়া চলে যায় ভৈরব হাইওয়ে পুলিশের গাড়ির। হাইওয়ে থানার এটিএসআই জাকির হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম আঞ্চলিক সড়কে ডিউটি পালন করছিলেন। রাত ১২টায় দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডের উত্তর পাশে মো. ফাইজুল মিয়ার চাকা রিপিয়ারিংয়ের এর দোকানে পুলিশের গাড়িটি চাকায় হাওয়া দিচ্ছিলেন। এসময় ভৈরব থেকে কিশোরগঞ্জগামী একটি ধানের কুড়া বোঝাই ট্রাক একটি সিএনজিকে সাইড দিতে গিয়ে উল্টে গিয়ে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়ির উপরে গিয়ে পড়ে। এসময় গাড়ি থেকে অন্যরা নামতে পারলেও নিচে চাপা পড়ে কনস্টেবল মো. পারভেজ আহমেদ। ঘটনার পর ভৈরব বাজার ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা গিয়ে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় পারভেজকে উদ্ধার করে। তাৎক্ষণিক তাকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গাড়ির চালক সাইফুল ইসলাম বলেন, নিয়মিত ডিউটি পালনকালে মনে হয়েছে গাড়ির চাকায় হাওয়া লাগবে। দ্বাড়িয়াকান্দি এলাকায় রাস্তার ডানপাশে দাঁড়িয়ে হাওয়া দেয়ার সময় আমিসহ দুইজন কনস্টেবল গাড়িতে নেমে যায়। তখন গাড়িতে কনস্টেবল পারভেজসহ তিনজন বসেছিলো। হঠাৎ দ্রুতগতির একটি ট্রাক আমাদের পুলিশের গাড়ির উপর উল্টে পড়লে বাকিরা নামতে পাড়লেও কনস্টেবল পারভেজ নিচে চাপা পড়ে।
কনস্টেবল পারভেজ বছর চারেক আগে বিয়ে করেছিলেন। পরিবারে তাঁর কোন সন্তান ছিল না।
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার চৌধুরী বলেন, এক্সিডেন্টে মৃত্যুর বিষয়টি পুলিশ পরিবারের জন্য খুবই দুঃখজনক। কনস্টেবল মো. পারভেজ আহমেদ সাড়ে ১৫ বছর আগে পুলিশের চাকরিতে যোগদান করেছিলেন।
তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। ঘটনার পর থেকে ট্রাক চালক ও হেলপার পলাতক রয়েছে। নিহতের পরিবারের সাথে ও হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *