অপরাধ দমনে কঠোর অবস্থানে ভৈরব থানার নতুন ওসি মাহবুবুর রহমান

31 views

# এম.আর রুবেল :-
কিশোরগঞ্জের ভৈরব থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. মাহবুবুর রহমান। ২৯ জুলাই মঙ্গলবার রাত সোয়া ১২টায় ওসি তাঁর দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে ওসি মাহবুবুর রহমান কিশোরগঞ্জ জেলার নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রায় পৌনে দুই মাস ধরে ভৈরব থানার ওসি পদটি শূন্য থাকায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন থানার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর লিমন বোস।
নতুন ওসির দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, সাংবাদিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে। তাদের মতে, বন্দরনগরী ভৈরব দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও যোগাযোগকেন্দ্র। ঢাকা-সিলেট মহাসড়ক, রেলপথ এবং মেঘনা নদী কেন্দ্রীক নৌযোগাযোগের কারণে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের যাতায়াত ঘটে এ অঞ্চলে। পাশাপাশি শিল্প, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও সেবাখাতের বিস্তৃত কার্যক্রমের কারণে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ভৈরব থানা পুলিশের জন্য একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।
বিশেষ করে মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি, কিশোর গ্যাং, চাঁদাবাজি, নারী ও শিশু নির্যাতন এবং সাইবার অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা।
গণঅধিকার পরিষদ নেতা ইমতিয়াজ আহমেদ কাজল বলেন, ভৈরব থানার নবযোগদানকৃত ওসির কাছে আমাদের প্রত্যাশা, তিনি সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করবেন। নিরীহ মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয় এবং আইনের সুশাসন প্রতিষ্ঠিত হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দেবেন। ভৈরবকে মাদক ও অপরাধমুক্ত, নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন এটাই আমাদের প্রত্যাশা।
এ বিষয়ে ভৈরব থানা নবনিযুক্ত ওসি মো. মাহবুবুর রহমান বলেন, সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করাই আমার প্রথম অগ্রাধিকার। ভৈরবে চুরি, ছিনতাই, মাদক ব্যবসা, কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। কোনো অপরাধী, মাদক কারবারি কিংবা সন্ত্রাসীর সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। আইন নিজের গতিতেই চলবে এবং অপরাধী যেই হোক, তাঁর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, পুলিশকে আরও জনবান্ধব, জবাবদিহিমূলক ও কার্যকর বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করা হবে। সাধারণ মানুষের অভিযোগ গুরুত্বের সঙ্গে শোনা ও দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা হবে। জনগণের সহযোগিতা নিয়ে ভৈরবে শান্তিশৃঙ্খলা, নিরাপত্তা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *