গাড়ির ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধ আহতের পর মৃত্যু, পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা

20 views

# এম.আর রুবেল :-
ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব ব্রহ্মপুত্র সেতুর পশ্চিম পাশে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়ে প্রায় ৭০ বছর বয়সী এক অজ্ঞাতনামা বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর পরও তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্বজনদের খোঁজে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে চেষ্টা চালিয়ে যাচ্ছে ভৈরব হাইওয়ে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টা ১০ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে দুর্ঘটনার সংবাদ পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ মহাসড়কের ব্রহ্মপুত্র সেতুর পশ্চিম পাশে মাহমুদাবাদ এলাকায় পৌঁছে এক অজ্ঞাতনামা বৃদ্ধকে গুরুতর আহত ও অচেতন অবস্থায় উদ্ধার করে।
পুলিশের ধারণা, কোনো অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ আহত বৃদ্ধকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। বর্তমানে নিহতের মরদেহ ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
ভৈরব হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) সুমন সূত্রধর বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হলেও পরে তিনি মারা যান। এখন পর্যন্ত তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহত ব্যক্তির পরিচয় জানার জন্য ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে চেষ্টা চালানো হচ্ছে।
পুলিশ নিহতের পরিচয় শনাক্তে এবং তাঁর স্বজনদের সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *