# এম.আর রুবেল :-
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের কৃতীসন্তান ও যুবদলের কেন্দ্রীয় নেতা মো. জাকির হোসেন বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন।
তাঁর এ নিয়োগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার বইছে। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সাধারণ মানুষ তাঁকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।
গত ২৩ জুলাই রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এক প্রজ্ঞাপনে মো. জাকির হোসেনকে এক বছরের জন্য বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
জানা গেছে, মো. জাকির হোসেন সিদ্দিকী দীর্ঘদিন ধরে ছাত্রদল ও যুবদলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা এবং বর্তমানে যুবদলের কেন্দ্রীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
ভৈরবের কৃতীসন্তান ও পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিবিদ মো. জাকির হোসেনকে বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ায় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
নতুন দায়িত্বে তাঁর দক্ষতা, মেধা ও নেতৃত্বের মাধ্যমে দেশের তাঁত শিল্পের উন্নয়ন, আধুনিকায়ন এবং তাঁতীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এমনটাই প্রত্যাশা করেছেন ভৈরববাসী।
বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান হলেন ভৈরবের কৃতীসন্তান জাকির হোসেন
15 views
