বাহেরবালী (এসইএসডিপি) মডেল উচ্চ বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

22 views

# হাসান কবীর :-
বাহেরবালী (এসইএসডিপি) মডেল উচ্চ বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা পরিষদের পরিচিতি সভা ১৯ জুলাই রোববার দুপুর ১২টায় বিদ্যালয়ের হল রুমে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, সুধীজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে নবগঠিত পরিচালনা পরিষদের সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয় ও ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। পরে উপস্থিত অতিথিরা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষা-পরিবেশ নিশ্চিতকরণ, খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ, নিরাপদ ক্যাম্পাস এবং শৃঙ্খলা বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁদের মতামত ও দাবি-দাওয়া তুলে ধরেন।
অভিভাবক ও শিক্ষক প্রতিনিধিরা বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান আরও উন্নত করতে প্রয়োজনীয় শিক্ষক সংকট নিরসন, শ্রেণিকক্ষের পরিবেশ উন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ বিকাশে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
সভায় বক্তব্য প্রদানকালে পরিচালনা পরিষদের সভাপতি মো. সাইফুল্লাহ উপস্থিত সকলের মূল্যবান মতামত ও পরামর্শের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বিদ্যালয়ের উন্নয়নে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতাই সবচেয়ে বড় শক্তি। তিনি সভায় উত্থাপিত যৌক্তিক দাবি ও পরামর্শগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
হাসান কবীর এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আবু সায়েম, কবির মেম্বার, শাফি উদ্দিন, মাওলানা তাজুল ইসলাম, সুমন মুন্সী, অভিভাবক প্রতিনিধি মো. হেলাল উদ্দিন, শিক্ষক প্রতিনিধি মো. তাজুল ইসলাম, সদস্য সচিব ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পিপন চন্দ্র দাস প্রমুখ।
সভা শেষে উপস্থিত অতিথিরা নবগঠিত পরিচালনা পরিষদের সফলতা কামনা করেন এবং বিদ্যালয়ের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *