# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে টাস্কফোর্সের বিশেষ অভিযানে ৩ মাদকসেবীকে আটক করেছে ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। ১৫ জুলাই বুধবার রাতে পৌর শহরের আমলাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এর আগে ১৪ জুলাই মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত পৌর শহরের ঘোড়াকান্দা, ভৈরবপুর উত্তর পাড়া ও দক্ষিণপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৭ মাদকসেবীকে আটক করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর পরিদর্শক চন্দন গোপাল সুর।
অভিযানে আটককৃতরা হলো, পৌর শহরের আমলাপাড়া এলাকার মৃত আলাল উদ্দিনের ছেলে মো. রফ মিয়া (৩০), একই এলাকার রঘু মিয়ার ছেলে মুসা মিয়া (৪২) ও রমজান মিয়ার ছেলে সুমন মিয়া (৩৮)। ১৪ জুলাই আটককৃতরা হলেন, পৌর শহরের ঘোড়াকান্দা এলাকার মৃত লাল মিয়ার ছেলে মো. রাজু মিয়া (২৬) একই এলাকার শাহীন মিয়ার ছেলে মো. মোস্তাকিম মিয়া (২২), মো. আ. রশীদ মিয়ার ছেলে আব্দুল মতিন (২৮), ভৈরবপুর উত্তরপাড়া এলাকার মৃত শওকত আলির ছেলে মো. উজ্জ্বল মিয়া (২৫) ও সুমন মিয়ার ছেলে ইমন মিয়া (২১), দক্ষিণ পাড়া এলাকার মৃত মনতাজ মিয়ার ছেলে মো. রিপন মিয়া (৪৬) ও কানন মিয়ার ছেলে মারুফ মিয়া (২০)।
অভিযান শেষে দুই দিনে ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক। এসময় সহযোগিতায় ছিলেন, ভৈরব র্যাব ক্যাম্পের সদস্যরা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সদস্যরাসহ ভূমি অফিসের কর্মকর্তারা।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পরিদর্শক চন্দন গোপাল সুর বলেন, বুধবার রাতে বিশেষ অভিযান আটককৃত মাদককারবারি সুমন মিয়াকে ৬ মাসের কারাদণ্ড ও মাদকসেবী মুসা মিয়াকে ও রফ মিয়াকে ২১ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক। এছাড়াও তিনি ১৪ জুলাই দিনভর অভিযানে আটককৃত মোস্তাকিমকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড, আব্দুল মতিন ও ইমন মিয়াকে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড, মো. রাজু, মো. উজ্জ্বল মিয়া, মো. রিপন মিয়া ও মো. মারুফকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুইদিনে ৯ জন মাদকসেবী ও ১ জন মাদক কারবারীসহ ১০ জনকে আটক করা হয়। বুধবার রাতে শহরের আমলাপাড়া এলাকায় একটি গ্যারেজে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা সুমনকে ১০ পিস ইয়াবাসহ ও ২ জন মাদকসেবীকে আটক করা হয়। তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। এ ছাড়াও আরো দুইজন সন্দেহভাজন আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। ১৪ জুলাই ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ভৈরবে টাস্কফোর্সের অভিযানে দুই দিনে ১০ মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
40 views
