কুলিয়ারচরে পুলিশের বিশেষ অভিযান, ১০ বছরের সাজাপ্রাপ্তসহ গ্রেপ্তার ৭

66 views

# মুহাম্মদ কাইসার হামিদ :-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে থানা পুলিশের এক নিয়মিত বিশেষ অভিযানে একটি হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ বিভিন্ন মামলার মোট ৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ২৯ জুন সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় দিনভর সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে অন্যতম হলেন হত্যা মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সোহাগ মিয়া। সে উপজেলার চৌহদ্দি এলাকার ছিদ্দিক মিয়ার ছেলে।
এছাড়া বড়ছয়সূতি এলাকার মৃত সবুজ মিয়ার ছেলে মামুন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় মামুনের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
অভিযানে নিয়মিত মামলার আরও তিনজন এবং বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত (ওয়ারেন্টভুক্ত) দুইজনসহ সর্বমোট সাতজন আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন বলেন, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার এবং পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে কুলিয়ারচর থানা পুলিশের নিয়মিত এই অভিযান অব্যাহত রয়েছে। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।
এলাকার সচেতন মহল পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন এবং এ ধরনের মাদক ও অপরাধবিরোধী অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *