কালি মন্দিরে মাদকে বাধা সেবাইত নারীর ওপর হামলা

73 views

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের বাজিতপুরে একটি কালি মন্দিরে মাদকাসক্তদের ইয়াবা সেবনে বাধা দেওয়ায় বীণা চক্রবর্তী (৭০) নামে মন্দিরের সেবাইতকে ধারালো অস্ত্র দিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। তিনি এখন বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে বাজিতপুর উপজেলার সরারচর এলাকার শ্মশান কালি মন্দিরে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বীণা চক্রবর্তী দীর্ঘদিন ধরে এই মন্দিরে সেবাইত হিসেবে আছেন। এলাকার চিহ্নিত মাদক সেবীরা প্রায়ই ওই মন্দিরে গিয়ে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সেবন করতো। শনিবার সকালে তিনি মন্দির চত্বরে পূজার ফুল সংগ্রহ করতে গিয়ে আবারও দুর্বৃত্তদের ইয়াবা সেবনে নিষেধ দেন। এসময় দুর্বৃত্তরা বীণা চক্রবর্তীকে ধারালো অস্ত্র দিয়ে গলা, মুখ ও হাতে আঘাত করে। এসময় দুর্বৃত্তরা গলার চেইন ও কানের দুল ছিনিয়ে নিয়ে যায়।
হাসপাতালের সিনিয়র ওয়ার্ড মাস্টার রোকন উদ্দিন জানিয়েছেন, বীণা চক্রবর্তীর কান থেকে টান দিয়ে দুল ছিনিয়ে নেওয়ার সময় কান ছিড়ে গেছে। এছাড়া গলায় ধারালো অস্ত্র দিয়ে পোচ দেওয়া হয়েছে। তাকে সেলাই দিয়ে ব্যান্ডেজ করা হয়েছে। তিনি আশঙ্কামুক্ত আছেন বলে জানিয়ছেন রোকন।
২১ জুন রোববার দুপুরে বাজিতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহীদুুল্লাহ জানিয়েছেন, হামলার খবর পেয়ে তিনি গিয়ে বীণা চক্রবর্তীকে দেখে এসেছেন। মন্দিরের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হলে আইনী পদক্ষেপ নেওয়া হবে। তবে থানার পক্ষ থেকে বিষয়টি দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওসি শহীদুল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *