# এম.আর রুবেল :-
কিশোরগঞ্জের ভৈরবে পৌর শ্রমিক দলের সভাপতি সিয়াম মিয়ার ওপর গুলি চালানো এবং ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে গুলিবিদ্ধ সিয়াম মিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ১৩ জুন শনিবার বিকেল ৪টায় শহরের কমলপুর মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় এ প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ভৈরব পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও ইতালি প্রবাসী আব্দুর রউফের সভাপতিত্বে ওই সভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সহ-সভাপতি মো. আক্তারুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী মো. মোস্তফা কামাল, ব্যবসায়ী শফিকুল ইসলাম, মাইক্রোবাস মালিক জাকির হোসেন, সুজন আহামেদসহ স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিক নেতারা।
এসময় মাইক্রোবাস মালিক-শ্রমিক, বাসস্ট্যান্ড এলাকার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সম্প্রতি মাইক্রোবাস ভাড়া নেওয়াকে কেন্দ্র করে এক চালকের সঙ্গে কিশোর গ্যাংয়ের এক সদস্যের কথা কাটাকাটি হয়। তুচ্ছ এ ঘটনাকে কেন্দ্র করে একটি সংঘবদ্ধ চক্র মাইক্রোবাস মালিক-শ্রমিকদের সংগঠনের কার্যালয় ও আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। পরবর্তীতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যা গভীর রাত পর্যন্ত অব্যাহত থাকে।
তারা দাবি করেন, ওই সংঘর্ষের ঘটনায় ভৈরব পৌর শ্রমিক দলের সভাপতি সিয়াম মিয়া গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বক্তারা প্রশাসনের প্রতি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে তারা অভিযোগ করেন, ঘটনার সময় নিরাপত্তার জন্য কয়েকজন মালিক-শ্রমিক ভৈরব থানায় আশ্রয় নিতে গেলেও প্রত্যাশিত সহযোগিতা পাননি। বরং তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে থানা থেকে বের করে দেয়া হয় বলেও অভিযোগ করেন বক্তারা।
সভায় বক্তারা বলেন, এ ধরনের সহিংসতা ও নৈরাজ্য কোনোভাবেই কাম্য নয়। ভৈরবের পরিবহন খাত ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।
প্রতিবাদ সভা শেষে গুলিবিদ্ধ সিয়াম মিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ। এতে উপস্থিত সবাই সিয়াম মিয়ার আরোগ্য কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাতে অংশ নেন।

