# সারোয়ার হোসেন শাহীন :-
অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের ঘোষিত মানবিক সহায়তা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। কৃষি বিভাগের প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী কৃষি কার্ডের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে এ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিন বলেছেন, অতিবৃষ্টিতে ফসলহানির শিকার হয়ে বিপাকে পড়া কৃষকদের পাশে সরকার মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী তালিকাভুক্ত কৃষকদের হাতে পর্যায়ক্রমে এই সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।
১৩ জুন শনিবার কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদ হলরুমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় এবং উপজেলা কৃষি অফিসের তালিকা অনুযায়ী ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের মানবিক সহায়তা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লাবনী আক্তার তারানার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে এমপি জালাল উদ্দিন বলেন, অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত তালিকাভুক্ত কৃষকরা টানা তিন মাস জনপ্রতি ৩ হাজার টাকা নগদ অর্থ এবং ১৫ কেজি করে চাল পাবেন। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী কৃষকদের প্রতি দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন। বর্তমান সরকার কৃষির উন্নয়ন ও সম্প্রসারণে নানা কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। যারা এবার তালিকাভুক্ত হতে পারেননি, তাদেরও পর্যায়ক্রমে বিভিন্ন সহায়তার আওতায় আনা হবে।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সজল সরকার, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জাইদুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কৃষি কার্ডের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়েছে সরকার: এমপি জালাল উদ্দিন
95 views
