সীমান্ত এলাকা থেকে মাদক দেশের বিভিন্ন প্রান্তে পাচার করতো দম্পতি ২ কেজি গাঁজাসহ আটক

48 views

মিলাদ হোসেন অপু  :-
কিশোরগঞ্জের ভৈরবে ২ কেজি নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজাসহ মাদক কারবারি এক দম্পতিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘খ’ সার্কেল ভৈরব শাখার সদস্যরা। আজ ৮ জুন সোমবার সকাল ১০টায় ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছে ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পরিদর্শক চন্দন গোপাল সুর।
আটককৃত মাদক কারবারি দম্পতি হলো, ব্রাক্ষণবাড়িয়া জেলার বিজয়নগর থানার নলগরিয়ার সিংগারবিল এলাকার শানু মিয়ার ছেলে মো. ঝন্টু মিয়া (৩৬) ও তাঁর সহধর্মিণী আঁখি আক্তার শিউলী (২৮)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০টায় ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ভৈরব থেকে কিশোরগঞ্জ পর্যন্ত একটি ভাড়াকৃত সিএনজি আটক করে তল্লাশি করা হয়। তল্লাশিতে আঁখি আক্তার শিউলীর হাতে থাকা একটি শপিং ব্যাগে রাখা কাপড়ে মোড়ানো ও স্কচটেপ দ্বারা প্যাঁচানোও বাঁধা অবস্থায় গাঁজা উদ্ধার করা হয়েছে। আটককৃতরা ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকা থেকে গাঁজা নিয়ে সিএনজি করে ভৈরবে এসেছিল। ভৈরব থেকে সিএনজি পাল্টে কিশোরগঞ্জে যাচ্ছিলো।
এ বিষয়ে ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পরিদর্শক চন্দন গোপাল সুর বলেন, আটককৃত দম্পতি চিহ্নিত মাদক কারবারি। তাদের দুইজনের বিরুদ্ধে ভৈরবসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা স্বামী-স্ত্রী হওয়ায় নিয়মিত অভিনব কায়দায় দেশের এক স্থান থেকে অন্য স্থানে মাদক পাচার করে আসছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দম্পতি দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয়ের ও পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
তিনি আরো বলেন, মাদক পাচারকারীরা নিয়মিত ভৈরবকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে। পুরুষের পাশাপাশি নারী মাদক কারবারিদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আটককৃতদের ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।