ট্রেনে কৌশলে জটলা তৈরি করে যাত্রীদের মোবাইল ছিনতাইয়ের অপরাধে ৫ ছিনতাইকারীকে ভ্রাম্যমাণ আদালতে সাজা

50 views

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনে উঠার সময় কৌশলে জটলা তৈরি করে যাত্রীদের মোবাইল ছিনতাইয়ের ঘটনায় ৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। ৭ জুন রোববার বেলা ১২টায় ১ জনকে মোবাইল ছিনতাইয়ের সময় হাতেনাতে ধরে স্থানীয় জনতা পুলিশে সোপর্দ করে। এর আগে ৬ জুন শনিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে রেলওয়ে স্টেশনের পশ্চিম আউটার থেকে জটলা তৈরি করে যাত্রীদের মোবাইল ছিনতাইয়ের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, পৌর শহরের পঞ্চবটি এলাকার ফুল মিয়ার ছেলে বাবুল মিয়া (২৮), নরসিংদী জেলার পলাশ থানার উত্তর চন্দন এলাকার আনোয়ার হোসেনের ছেলে সবুজ মিয়া (২২), কুমিল্লা জেলার চান্দিনা এলাকার এতরায়পুর এলাকার মবিন মিয়ার ছেলে হাসান (২০), একই জেলার কোতোয়ালি থানার মুরাপাড়া এলাকার বাতেন মিয়ার ছেলে নুর আলম (২০) ও শুভপুর এলাকার আবু তাহের মিয়ার ছেলে বিপ্লব আহসান (২৬)।
অপরাধীদের দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক।
গ্রেপ্তার ও সাজার বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ বলেন, রেলওয়ে স্টেশনের পশ্চিম আউটারে বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে যাত্রী উঠার সময় কৃত্রিম জটলা তৈরি করে মোবাইল চুরির চেষ্টা করে স্টেশন এলাকার ছিনতাইকারী চক্র। রেলওয়ে পুলিশের চৌকস নজরদারি এড়াতে পারেনি এই চক্রটি। এসময় রেলওয়ে পুলিশ ছিনতাইকারী নুর আলম, বিপ্লব হাসান বিপ্লব, মো. সবুজ মিয়া ও হাসান মিয়াকে গ্রেপ্তার করে। এছাড়াও আসামি মো. বাবুল মিয়াকে প্লাটফর্মে যাত্রীদের মোবাইল চুরির চেষ্টা কালে হাতে নাতে ধরে এনে থানায় সোপর্দ করে স্থানীয় জনতা। রোববার দুপুরে গ্রেপ্তারকৃত ৫ ছিনতাইকারীকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারকের কাছে তাদের অপরাধের কথা স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। এদের মধ্যে নুর আলম ও বিপ্লব আহসানকে তিন মাসের কারাদণ্ড, সবুজ মিয়া ও হাসান মিয়াকে ২ মাসের কারাদণ্ড ও বাবুল মিয়াকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। স্টেশন এলাকায় যাত্রী হয়রানি ও ছিনতাই নির্মূল পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।