কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে, চেয়ারম্যানের ছবিসংবলিত ‘শুভেচ্ছা উপহার’ নাম দিয়ে ভিজিএফ কার্ড

101 views

# নিজস্ব প্রতিবেদক :-
সরকার ঈদুল আযহা উপলক্ষে দরিদ্রদের জন্য ভিজিএফ চাল বরাদ্দ করেছে। এসব চাল স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। কিন্তু কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী নিজের ছবি দিয়ে ‘শুভেচ্ছা উপহার’ লিখে ভিজিএফ কার্ড ছাপিয়েছেন। এসব কার্ডের মাধ্যমে চালগুলো বিতরণ করা হচ্ছে। কার্ডের কোথাও সরকারেরর নামগন্ধও নেই। যেন চেয়ারম্যান ব্যক্তিগত উদ্যোগে শুভেচ্ছা উপহার হিসেবে এসব চাল দিচ্ছেন। তবে কার্ডের ওপরে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের কোলাজ ছবিসংবলিত একটি লগো ব্যবহার করেছেন।
মহিনন্দ ইউনিয়নের কয়েক ব্যক্তি এসব কার্ড দেখিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, লিয়াকত আলী গত নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীকে বিজয়ী হয়েছিলেন। আগামী ইউপি নির্বাচনেও চেয়ারম্যান পদে প্রার্থী হবেন। তিনি এবার পাঁয়তারা করছেন বিএনপির পরিচয়ে নির্বাচন করার। সেই কারণেই তিনি এ ধরনের ভিজিএফ কার্ড ছাপিয়েছেন বলে এলাকাবাসীর ধারণা। একজন ইউপি সদস্য নাম গোপন রাখার শর্তে জানান, এবার তাদের ইউনিয়নে চার হাজার কার্ডে ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। তবে চেয়ারম্যান তাঁর ছবি দিয়ে কার্ড ছাপানোর বিষয়টি পরিষদে আলোচনা করেননি। তিনি নিজ দায়িত্বে করেছেন। এতে সবার মনেই এক ধরনের চাপা ক্ষোভ রয়েছে। এর আগেরবার চেয়ারম্যান ছিলেন লিয়াকত আলীর ছোটভাই আওয়ামী লীগ নেতা মনসুর আলী। গত নির্বাচনে মনসুর আলী দলীয় মনোনয়ন পাননি।
এ ব্যাপারে কথা বলার জন্য চেয়ারম্যান লিয়াকত আলীকে একাধিকবার ফোন করলেও তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান মারুফকে এ ব্যাপারে প্রশ্ন করলে বলেন, চালগুলো ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিতরণের কথা লেখার জন্য সরকার থেকে নির্দেশনা ছিল। কিন্তু চেয়ারম্যান কেন এভাবে কার্ড ছাপিয়েছেন, এ ব্যাপারে তাকে অবিলম্বে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *