ধর্ষণ শিশু হত্যার প্রতিবাদে ছাত্র-জনতার মানববন্ধন

134 views

# নিজস্ব প্রতিবেদক :-
রামিসাসহ দেশের বিভিন্ন জায়গায় শিশু ধর্ষণ, হত্যা ও নির্যাতনের প্রতিবাদে কিশোরগঞ্জের নিকলীতে ছাত্র-জনতা মানববন্ধন কর্মসূচী পালন করেছে। ২৪ মে রোববার সকালে নিকলীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে জেন্ডার সমতা ও জলবায়ু জোট নামে একটি সংগঠন মানববন্ধনের আয়োজন করে। জোটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আবিরের সভাপতিত্বে সংগঠনের সহ-সভাপতি আয়ুব আলী মাস্টার, সাধারণ সম্পাদক মুহাম্মদ ফরিদুল আলম, জেসমিন আক্তার, জয়দেব আচার্য প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, সাম্প্রতিক সময়ের রামিসা ধর্ষণ, গণধর্ষণ ও হত্যার মত ঘটনাগুলি দেশবাসীর বিবেককে নাড়া দিয়েছে। এসব অপরাধকে বিচ্ছিন্ন ঘটনা বলার সুযোগ নেই। বরং এগুলি বিচারহীনতা, প্রশাসনিক দুর্বলতা, সামাজিক নিরবতা আর বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার প্রতিফলন। অনেক সময় রাজনৈতিক প্রভাব, দুর্বল তদন্ত ও সামাজিক চাপের কারণে অপরাধীরা ছাড় পেয়ে যায়। বক্তাগণ দাবি জানান, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি ঘটনার তদন্ত সম্পন্ন করতে হবে, বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা বন্ধ করতে হবে। মানববন্ধনে এলাকাবাসীসহ বেশ কিছু শিক্ষার্থী অংশগ্রহণ করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *