১২দিন ধরে নিখোঁজ, ছেলের অপেক্ষায় প্রহর গুণছেন মা

131 views

# সাখাওয়াত হোসেন হৃদয় :-
গত ১২ দিন ধরে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মো. আসলাম নামের ২৬ বছরের এক যুবক নিখোঁজ রয়েছেন। সে কিছুটা মানসিকভাবে ভারসাম্যহীন। ছেলেকে হারিয়ে পাগলপ্রায় মা। ছেলেকে ফিরে পাওয়ার প্রহর গুণছেন মা। কান্না যেন থামছে না বৃদ্ধ মায়ের। নিখোঁজের ঘটনায় সোমবার সকালে পাকুন্দিয়া থানায় একটি জিডি করা হয়েছে। জিডি নম্বর-৯৩৫।
উপজেলার সৈয়দগাঁও পূর্বপাড়া গ্রামের বাসিন্দা মো. আসলাম। সে ওই গ্রামের মৃত আবুল হাসিমের ছেলে। ৮-১০ বছর ধরে মানসিকভাবে অসুস্থ আসলাম।
সাধারণ ডায়েরী ও পরিবার সূত্রে জানা গেছে, গত ১০ এপ্রিল সকাল অনুমান ১০টার দিকে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হন আসলাম। এরপর সে আর বাড়ি ফিরেনি। বাড়ি থেকে বের হওয়ার সময় তাঁর পড়নে জিন্সের প্যান্ট ও কফি রংয়ের শার্ট এবং নীল রংয়ের গেঞ্জি ছিলো। তাঁর গায়ের রং শ্যামলা। উচ্চতা আনুমানিক ৫ ফুট ৩ ইঞ্চি।
নিখোঁজ আসলামের বড় বোন কুলসুম বলেন, আমরা পাঁচ বোন ও দুই ভাই। পাঁচ বোনের পর তার জন্ম। তাই সবার আদরের ভাই সে। গত কয়েক বছর ধরে মানসিকভাবে অসুস্থ্য সে। চিকিৎসা করানোর পর কিছুটা সুস্থ। বাড়িতেই থাকে। খুব নিরিবিলি ও শান্ত স্বভাবের। প্রতিদিন বাড়ি থেকে বের হয়ে আশপাশ ঘুরে আবার বাড়িতে ফিরে আসতো। কিন্তু গত ১০ এপ্রিল বাড়ি থেকে বের হয়ে সে আর বাড়ি ফিরেনি।
পরিচিত সব জায়গায় তাকে খুঁজেছি, পাচ্ছিনা। সন্ধান চেয়ে ফেসবুক গ্রুপে পোস্ট করা হয়েছে, থানায় জিডিও করা হয়েছে। এখনো ভাইয়ের কোনো খোঁজ পাচ্ছিনা। ঘটনার পর থেকে আমরা সবাই দুশ্চিন্তায় রয়েছি। কোথায় কী করছে ভাইটা। এদিকে তাঁর কোনো হদিস না পাওয়ায় সারাক্ষণ কান্নাকাটি করছে মা। নামাজ পড়ে দোয়া করছে। নাওয়া-খাওয়া ভুলে ছেলের অপেক্ষায় প্রহর গুণছেন মা।
কেউ যদি তাঁর সন্ধান পেয়ে থাকেন তবে ০১৭৫২৭২২৭৫৯ নম্বরে যোগাযোগের জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *