বিদ্যালয় মাঠে মেলা, ব্যাহত পাঠদান

110 views

# সাখাওয়াত হোসেন হৃদয় :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্কুল চলাকালীন বৈশাখী মেলা চলছে। গত রোববার থেকে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় একটি প্রভাবশালী মহল এ মেলার আয়োজন করেছে। এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের পাঠদান।
উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের ৭৭নম্বর বড়আজলদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চলছে এ মেলা। সোমবার বেলা ১২টায় সরেজমিনে ওই বিদ্যালয় মাঠে গিয়ে মেলার দৃশ্য পাওয়া যায়।
জানা গেছে, বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ১৪১ জন এবং শিক্ষক-শিক্ষিকার রয়েছেন ৮ জন। দুইদিন ধরে বিদ্যালয় মাঠে মেলা হওয়ায় শিক্ষার্থীর উপস্থিতি নেই বললেই চলে। সোমবার বিদ্যালয়টির চতুর্থ শ্রেণি ৪ জন শিক্ষার্থীর উপস্থিতি পাওয়া যায়।
অভিভাবকেরা জানান, বিদ্যালয় মাঠে মেলার জন্য শিশুদের নিয়মিত পড়াশোনা ব্যাহত হচ্ছে। যা তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
মেলার আয়োজক আমিনুল ইসলাম জানান, মেলার কোন কমিটি নেই। প্রতিবছর একদিন ব্যাপী মেলা হয়। সেখান থেকে কিছু টাকা তোলা হয় মসজিদের জন্য। এবছর একদিনের জন্য বসার পর দোকানিরা উঠতে চাচ্ছে না, এখন তুলে দিচ্ছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস সাহা বলেন, স্থানীয় প্রভাবশালী মহল কোনো অনুমতি ছাড়াই স্কুল মাঠে মেলা বসিয়েছে। বিষয়টি আমি উপজেলা শিক্ষা অফিসারকে জানিয়েছি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা ড. দৌলত হোসেন ভূঁইয়া জানান, বিদ্যালয় মাঠে অনুমতি ছাড়াই জোরপূর্বক মেলা বসানো হয়েছে। এতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস বলেন, এ বিষয়ে ব্যবস্থা নিতে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ওসিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *