# সাখাওয়াত হোসেন হৃদয় :-
ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে| ১৮ এপ্রিল শনিবার দুপুরে পৌরসদরের টানলক্ষিয়া-হাপানিয়া গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে| এতে ওসিসহ চার পুলিশ এবং উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন| এছাড়াও উভয় গ্রামের একাধিক ঘরবাড়ি ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হয়েছে| পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে| এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে|
জানা গেছে, ১৭ এপ্রিল শুক্রবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে পৌর সদরের টান লক্ষিয়া ও হাপানিয়া গ্রামের গ্রামের দুই পক্ষের খেলোয়ার এবং সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি হয়| পরবর্তীতে সেই বিরোধ উত্তেজনায় রূপ নেয়| একপর্যায়ে তা সংঘর্ষে পরিণত হয়| এসময় পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়|
এর প্রেক্ষিতে শনিবার দুপুরে আবারো সংঘর্ষে জড়ান দুই পক্ষ| উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায় এবং কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়| খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে| এসময় ওসি এসএম আরিফুর রহমানসহ চার পুলিশ সদস্য আহত হন| এছাড়াও সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে|
পাকুন্দিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) এসএম আরিফুর রহমান বলেন, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে| অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে| লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে|
পাকুন্দিয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, ওসিসহ আহত ২০
65 views
