# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে বিশেষ অভিযানে স্বপন মিয়া (৪০) নামের এক স্বেচ্ছাসেবকলীগের প্রতিবন্ধী নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১ সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে উপজেলার শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর উত্তর পাড়া এলাকায় তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ২ সেপ্টেম্বর দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান।
গ্রেপ্তারকৃত স্বেচ্ছাসেবকলীগ নেতা স্বপন মিয়া উপজেলার শ্রীনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও ওই এলাকার মৃত ওমর মিয়ার ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি স্বপন মিয়ার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আগে ও পরে সহিংসতার একাধিক অভিযোগ রয়েছে।
এ বিষয়ে স্বেচ্ছাসেবকলীগ সভাপতির ভাই মোহাম্মদ মুছা মিয়া বলেন, আমার ভাইয়ের নামে থানায় কোন মামলা নাই। তবে পারিবারিক শত্রুতা রয়েছে অনেকের সাথে। আমার ভাই শারীরিক প্রতিবন্ধী। তাঁর প্রতিবন্ধী কার্ডও রয়েছে। আমার ভাইকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত স্বেচ্ছাসেবকলীগ সভাপতির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে শারীরিক প্রতিবন্ধী হলে অপরাধী না হওয়ার কারণ নেই। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত ভাঙচুর ও নাশকতায় জড়িত থাকার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
ভৈরবে প্রতিবন্ধী স্বেচ্ছাসেবকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ, অজ্ঞাত আসামি করে আদালতে প্রেরণ
115 views
